IPL2023: নাইটদের ম্যাচে বাড়তি আকর্ষণ ‘ড্রোন শো’, চলবে অতিরিক্ত মেট্রো
তিন বছর পর ঘরের মাঠে খেলতে নামছে কেকেআর। শহর কলকাতায় উন্মাদনা চরমে। মাঠে খেলবে নীতিশ রানা , সুনীল নারিন, আন্দ্রে রাসেলরা। আর মাঠের বাইরে দর্শকদের সবরকম বিনোদনের উপাদান আয়োজনে প্রস্তুত সিএবি। এর আগে প্রদর্শনী বা আন্তর্জাতিক ম্যাচে ইডেন সাক্ষী থেকেছে জমকালো লেজার শো-র। তবে এবার লেজার শো নয়, বৃহস্পতিবারের ম্যাচে 'ড্রোন শো'দেখতে পাবেন কলকাতার ক্রিকেট প্রেমীরা।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনে অনুষ্ঠানে দেখা গিয়েছিল 'ড্রোন শো'। টুর্নামেন্টের প্রধান স্পনসর টাটা এই শো-র আয়োজন করেছিল। আহমেবাদের পর এবার কলকাতা। একই রকম শো বৃহস্পতিবারের রাতে দেখা যাবে ক্রিকেটের নন্দন কাননে। আইপিএল গভর্নিং কাউন্সিলের অন্যতম সদস্য অভিষেক ডালমিয়ার উদ্যোগে বিশেষ এই শো অনুষ্ঠিত হবে ইডেনে।
ঘরের মাঠে খেলতে নাচতে কেকেআর। নাইটদের প্রত্যাবর্তনের ম্যাচকে আকর্ষণীয় করে রাখতে সবরকম চেষ্টা চালাচ্ছে সিএবি। বুধবারের বিকেলে নাইটদের টিম বাস ক্লাব হাউসের সামনে আসতেই তাকে ঘিরে দেখা গেল উন্মাদনার সেই চেনা ছবি। যা গত তিন বছর অদৃশ্য হয়ে গিয়েছিল গোষ্ঠ পাল সরণী থেকে। সুনীল নারিন, নীতিশ রানারা ইডেনে পা রাখতেই কেকেআর কেকেআর স্লোগানে ভরে উঠলো গোটা ময়দান।
দর্শকদের সামলাতে রীতিমতো হিমশিম খেতে হল পুলিশকে। বৃহস্পতিবারের ম্যাচ শেষে অতিরিক্ত মেট্রো চলবে ।বুধবার কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১২.১৫ মিনিটে ধর্মতলা থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউনে স্পেশ্যাল মেট্রো চলবে।

কলকাতার গণ্ডি ছাড়িয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কেকেআর সুপার ফ্যানরা হাজির ইডেনে। আইপিএল গভর্নিং কাউন্সিলর সদস্য অভিষেক ডালমিয়া ওয়ান ইন্ডিয়াকে বলেন, 'কোভিডের কারণে কত তিন বছর ধরে আইপিএল হোম-অ্যাওয়ে পদ্ধতিতে হয়নি। কিন্তু এবার আবারও সেই পুরনো পদ্ধতিতেই হচ্ছে আইপিএল।
এতে সব থেকে খুশী হয়েছেন দর্শকরা কারণ তারা ক্রিকেটারদেরও বাড়তি মোটিভেট করেন। ইডেনের পরিবেশ দর্শক ছাড়া অসম্পূর্ণ । সকলে সহযোগিতায় আইপিএল আবার আগের ফর্ম্যাটে ফিরে এসেছে। এবার আইপিএল গভর্নিং কাউন্সিলর উদ্যোগ নিয়েছে যাতে ফ্যানদের কাছে আইপিএল বেশি করে পৌঁছতে পারে। টাটার উদ্যোগে একটি 'ড্রোন শো' হবে। আমি আশা করি এই 'ড্রোন শো'সকলে উপভোগ করতে পারবেন।'
এদিকে, ঘরের মাঠে আইপিএলে জয়ের খাতা খুলতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। নীতীশ রানার দলের সঙ্গে বিরাট বাহিনীর ক্রিকেট লড়াই দেখার জন্য গ্যালারি উপচে পড়বে। মাসেল রাসেলের ছক্কা সঙ্গে সুনীল নারিনের স্পিনের মায়াজাল। কাউন্টডাউন শুরু ,আপনি তৈরি তো ?
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications