Dravid On Rohit: রোহিতের ফোনেই মত বদলে নেন বিরাট সিদ্ধান্ত! কোন অধ্যায়ে আলোকপাত দ্রাবিড়ের?
Dravid On Rohit: রাহুল দ্রাবিড় ভারতের হেড কোচ হিসেবে ইনিংস শেষ করলেন টি২০ বিশ্বকাপ জিতেই। ৫০ ওভারের বিশ্বকাপ অবধি তাঁর চুক্তির মেয়াদ ছিল।
পরে জানা গিয়েছিল, বিসিসিআইয়ের অনুরোধে সম্মতি দিয়ে টি২০ বিশ্বকাপ অবধি থাকার সিদ্ধান্ত নিয়েছেন দ্রাবিড়। কিন্তু টি২০ বিশ্বকাপ জিতেই সেই অধ্যায়ে আলোকপাত করলেন দ্রাবিড়।

২০০৭ সালে বিশ্বকাপের আসর থেকে এই ওয়েস্ট ইন্ডিজই অধিনায়ক রাহুল দ্রাবিড়কে ফিরিয়েছিল খালি হাতে। একরাশ ব্যর্থতার গ্লানি সম্বল করে। ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জেতার স্বপ্নও পূরণ হয়নি। কিন্তু বিশ্বকাপ ছুঁয়ে দেখতে পারলেন হেড কোচ হিসেবে, তাও নিজের শেষ অ্যাসাইনমেন্টে।
স্বাভাবিকভাবেই দ্রাবিড় টি২০ বিশ্বকাপ জেতার পর ছিলেন আবেগাপ্লুত। তিনি ড্রেসিংরুমে বলেন, সকলকে ধন্যবাদ আমাকে এই অসাধারণ মুহূর্তের অংশ করার জন্য। দলগত সংহতিতেই এই কাপ জয় সম্ভব হয়েছে। কোনও ব্যক্তির কথা আলাদাভাবে বলছি না। এর আগেও আমরা জেতার কাছাকাছি পৌঁছেও ট্রফি জিততে পারিনি। এবার সেটা সম্ভব হয়েছে।
দ্রাবিড় ক্রিকেটারদের পরামর্শ দিয়ে বলেন, এই বিশ্বকাপ জয়ের অনুভূতি লাভের সুযোগ পাওয়ার জন্য পরিবারের লোকজনের স্বার্থত্যাগ, কোচেদের ভূমিকার কথা ভুললে চলবে না। এখানেও (বার্বাডোজের স্টেডিয়ামে) অনেকের পরিবারের সদস্য রয়েছেন। দেশেও রয়েছেন। সেই সঙ্গে উল্লেখ করতে হবে বিসিসিআইয়ের ভূমিকার কথা, সুন্দর সিস্টেমের কথা। এই সবের জন্যেই এই ড্রেসিংরুমে পৌঁছনো সম্ভব হয়েছে।
২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে হেরে গিয়েছিল ভারত। তখনও ঠিক ছিল না, ভারত টি২০ বিশ্বকাপে নতুন কোনও কোচের প্রশিক্ষণে নামবে কিনা। দ্রাবিড় কেনসিংটন ওভালের ড্রেসিংরুমে রোহিতকে উদ্দেশ করে বলেন, রো-কে ধন্যবাদ সেই ফোন কলটির জন্য। নভেম্বরে ফোন করে আমাকে টি২০ বিশ্বকাপ অবধি থেকে যাওয়ার কথা বলেছিলেন রোহিত। যা তাঁকে মত বদলাতে বাধ্য করে বলেও জানান দ্রাবিড়।
𝗧𝗵𝗲 𝘂𝗻𝗳𝗼𝗿𝗴𝗲𝘁𝘁𝗮𝗯𝗹𝗲 𝗙𝗮𝗿𝗲-𝗪𝗔𝗟𝗟! 🫡
— BCCI (@BCCI) July 2, 2024
The sacrifices, the commitment, the comeback 🏆
📽️ #TeamIndia Head Coach Rahul Dravid's emotional dressing room speech in Barbados 👌👌 #T20WorldCup pic.twitter.com/vVUMfTZWbc
দ্রাবিড়ের কথায় জানা গিয়েছে, রোহিতের সঙ্গে তাঁর নানা বিষয়ে কথা হয়েছে। কখনও মতের মিল হয়েছে, কখনও কোনও সিদ্ধান্ত নিয়ে মতের অমিলও হয়েছে। তবে অধিনায়ক রোহিতের সঙ্গে জুটি যে তিনি উপভোগ করেছেন সেটাও জানিয়েছেন রোহিত। ক্রিকেটারদের সঙ্গে যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল তাও গুরুত্বপূর্ণ প্রাপ্তি বলে মনে করেন দ্রাবিড়। উল্লেখ করেছেন, এই সাফল্যের নেপথ্যে সাপোর্ট স্টাফদের ভূমিকার কথাও।
উল্লেখ্য, সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি থাকাকালীনই রাহুল দ্রাবিড়কে হেড কোচ ও রোহিত শর্মাকে অধিনায়ক করা হয়েছিল। সেই ভাবনা যে কতটা ইতিবাচক ও সুদূরপ্রসারী ছিল তা স্পষ্ট রাহুল-রোহিত জুটির সাফল্যের পরিসংখ্যানেই।












Click it and Unblock the Notifications