অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে তিন স্পিনারেই নামার ইঙ্গিত দিলেন দ্রাবিড়, বিশ্বকাপের জন্য চিহ্নিত ১৭-১৮ জন
কাল চেন্নাইয়ের চিপকে সিরিজ নির্ণায়ক তৃতীয় একদিনের আন্তর্জাতিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। বিশাখাপত্তনমে লজ্জাজনক পরাজয়ের পর যে কোনও মূল্য ঘুরে দাঁড়াতে প্রস্তুত রোহিত শর্মার দল। বাঁহাতি বোলারদের সামলাতে ভারতীয় ব্যাটারদের অস্বস্তি চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন মিচেল স্টার্ক। যদিও বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ভারতীয় হেড কোচ রাহুল দ্রাবিড়।

বিশ্বকাপের মহড়া
শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের পর এবার চলতি বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ জেতার সামনে দাঁড়িয়ে ভারত। কালকের ম্যাচে ফলাফল যাই হোক, এই ৯টি ম্যাচের পারফরম্যান্সেই যে দল কোথায় দাঁড়িয়ে তা স্বচ্ছভাবে দেখিয়ে দেবে, তেমনটাই উপলব্ধি দ্রাবিড়ের। বিশ্বকাপে যাতে সমস্যা না হয় সে কারণে বিভিন্ন কম্বিনেশনে দলকে খেলাতে চান ভারতীয় কোচ। বিশ্বকাপের জন্য কোর টিমে ১৭ থেকে ১৮ জনকে চিহ্নিত করার কথাও জানিয়েছেন তিনি।

চার নিয়ে চিন্তা
শ্রেয়স আইয়ারের চোটের কারণে চার নম্বর জায়গায় যে সমস্যা হচ্ছে সে কথা মানছেন দ্রাবিড়। সূর্যকুমার যাদব এই ফরম্যাটে সফল হচ্ছেন না। চলতি সিরিজে তাঁর প্রাপ্তি জোড়া গোল্ডেন ডাক। দুটি ক্ষেত্রেই মিচেল স্টার্কের বলে লেগ বিফোর। দ্রাবিড়ের কথায়,শ্রেয়সের ছিটকে যাওয়া দুর্ভাগ্যজনক। দীর্ঘ সময় ধরে তিনি চার নম্বরে খেলেছেন। এমনিতে যে যেখানে ভালো খেলছেন তাঁকে সেখানেই আমরা খেলাচ্ছি।

সূর্যকুমারের পাশে
যদিও সূর্যকুমারের ব্যর্থতা নিয়ে খুব একটা চিন্তিত নন দ্রাবিড়। তিনি বলেন, টি ২০ আর ৫০ ওভারের ফরম্যাট আলাদা। সূর্যকুমার যে দুটি বলে আউট হয়েছেন দুটিই ভালো ডেলিভারি। তিনি এই ফরম্যাটে অনেক কিছু শিখছেন। মনে রাখতে হবে টি ২০-তে তিনি ভালো খেলেছেন, কেন না আইপিএল খেলেছেন ১০ বছর ধরে। টি ২০-তে অনেক ম্যাচ খেলেছেন, চাপের মধ্যে ব্যাটিং করেছেন। ওয়ান ডে ক্রিকেট বেশি খেলেননি। তাই সময় দিতে হবে, ধৈর্য্য রাখতে হবে।

এগিয়ে কুলদীপ
চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে কাল ভারত তিন স্পিনারে নামবে বলেই ইঙ্গিত দেন দ্রাবিড়। তিনি বলেন, বিশ্বকাপের আগে দেশের মাটিতে খেলার সুযোগ তেমন পাব না। ফলে কখনও চার পেসার, কখনও তিন স্পিনার খেলাব। যাতে যে কোনও পরিস্থিতিতে সেরা একাদশ নামানো যায়। বিশ্বকাপ ফ্রেশ উইকেটে খেলা হবে। ফলে কুলদীপ যাদবের মতো রিস্ট স্পিনার কার্যকরী হবেন বলে ধারণা দ্রাবিড়ের। বিশেষ করে মাঝের দিকে উইকেট তুলতে। সে কারণে যুজবেন্দ্র চাহালের মতো স্পিনারকে খেলাতে না পারাকে দুর্ভাগ্যজনক বলছেন দ্রাবিড়। তবে বিশ্বকাপের প্রস্তুতির জন্য যাঁরা পারফর্ম করছেন তাঁদের ধারাবাহিকভাবে সুযোগ দেওয়ার কথাই উঠে এসেছে দ্রাবিড়ের বক্তব্যে।

তিন স্পিনারেই নামবে ভারত
আগের ম্যাচে ভারত তিন স্পিনার খেলিয়েছিল। কিন্তু মাত্র ১১৭ রানের পুঁজি নিয়ে লড়াই চালানো যায়নি। কুলদীপ যাদবকে ধারাবাহিকভাবে খেলানোর কথা দ্রাবিড় বলেছেন। সেক্ষেত্রে অক্ষর প্যাটেলের জায়গায় নিজের মাঠে ওয়াশিংটন সুন্দরকে নামানো হবে কিনা তা নিয়ে জল্পনা চলছে। ব্যাটিং অর্ডারে রদবদলের সম্ভাবনা নেই।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল বা ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।












Click it and Unblock the Notifications