রাহুলকে বসিয়ে গিলকে দুটি টেস্টে চান শাস্ত্রী, শুভমানকে নেটে বোলিং করে কোন বার্তা দ্রাবিড়ের?
কাল থেকে ইন্দোরে শুরু ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে। নেটে শুভমান গিলকে বোলিং রাহুল দ্রাবিড়ের। লোকেশ রাহুলকে বসিয়ে গিলকে খেলানো হোক, চান রবি শাস্ত্রী।
ইন্দোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতের একাদশে রদবদলের ভালোই সম্ভাবনা রয়েছে। লোকেশ রাহুলকে বসিয়ে শুভমান গিলকে খেলানো হবে কিনা তা নিয়ে চর্চা তুঙ্গে। রাহুলের বাদ পড়ার সম্ভাবনা প্রবল। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী ব্যাট ধরলেন শুভমান গিলের হয়েই। নেট প্র্যাকটিস থেকেও বিশেষ বার্তা দিলেন রাহুল দ্রাবিড়।

শুভমানকে বোলিং দ্রাবিড়ের
ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় সকলকে অবাক করে দিয়ে কিছুক্ষণ নেটে বোলিং করলেন। তাও আবার শুভমান গিলকে। দ্রাবিড় যে নেটে বল করবেন সেটা অপ্রত্যাশিতই। কিন্তু মনে করা হচ্ছে, নিজে বোলিং করে শুভমান গিল ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছেন সেটা বুঝে নিলেন ভারতের হেড কোচ। হেড কোচ হিসেবে যে তিনি যে শুধু নির্দেশ দিতেই বসে থাকেন না, কাঁধে কাঁধ মিলিয়ে দলের ক্রিকেটারদের সহযোগিতা করতেও সদাপ্রস্তুত সেই বার্তাও যেন দিতে চাইলেন দ্রাবিড়।

গিলের পক্ষে শাস্ত্রীর সওয়াল
রাহুল দ্রাবিড়ের ছুটি নেওয়াকে এর আগে কটাক্ষ করেছিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তারপর থেকে দ্রাবিড়ের আরও সক্রিয়তাও সকলের নজরে পড়ছে। এবার ভারতের কম্বিনেশন নিয়েও নিজের মতামত জানিয়ে দিয়েছেন শাস্ত্রী। তিনি চাইছেন না প্রথম একাদশে লোকেশ রাহুলকে। ডিসেম্বরে বাংলাদেশে টেস্ট শতরান পেয়েছিলেন শুভমান। সাদা বলের ক্রিকেটে চারটি শতরান করে দুরন্ত ফর্মে থাকার বার্তা দিয়েছেন। শাস্ত্রী আইসিসি রিভিউ অনুষ্ঠানে বলেছেন, গিল এতটাই ভালো খেলছেন যে তিনি রান পান কিংবা না পান, ফর্ম কিংবা দক্ষতার নিরিখেই তিনি বাকি দুটি টেস্টে সুযোগ পাওয়ার যোগ্য দাবিদার।

পারফরম্যান্সই শেষ কথা
রবি শাস্ত্রী মনে করেন,ব্যাট হাতে শুভমান গিল যে আত্মবিশ্বাসের সঙ্গে খেলছেন, ধারাবাহিকভাবে পারফর্ম করছেন, তারপরও তিনি সুযোগ না পেলে দলের অন্য ক্রিকেটারদের মধ্যেই প্রশ্ন জাগতে পারে, কেন সেই ক্রিকেটারকে খেলানো হচ্ছে না? অবশ্যই তাঁদের মনে এই প্রশ্নটি আসবেই। ভারতীয় ড্রেসিংরুমে বেশ কয়েক বছর কাটানোর অভিজ্ঞতা থেকেই এটা বলতে পারছি। স্রেফ পারফরম্যান্সের নিরিখেই গিলকে খেলানো উচিত বলে মন্তব্য করেছেন শাস্ত্রী। এতে উইনিং কম্বিনেশনে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না বলেও নিশ্চিত তিনি।

ব্রেক পেলে ঘুরে দাঁড়ানো সম্ভব
কখনও কখনও ব্রেক পেয়ে কোনও ক্রিকেটার ছন্দে ফিরতে পারেন বলেও মত শাস্ত্রীর। তিনি বলেন, কোনও ক্রিকেটারকে কিছুদিনের জন্য ব্রেক দেওয়া হলে ভালো হয়। কেন না, সেই সময় দূরে থেকে নিজের খেলায় মনোনিবেশ করে আরও শক্তিশালী হয়ে মাঠে ফেরা সম্ভব। আমার সময় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে পূজারা বাদ পড়ার পর ফিরেই শতরান পেয়েছিলেন। ২০১৯ সালের অস্ট্রেলিয়া সফরে লোকেশ রাহুলকে খেলানো হয়নি। তিনিও দারুণভাবেই কামব্যাক করেছিলেন।












Click it and Unblock the Notifications