IPL 2021: অশ্বিন-মর্গ্যানের তর্ক কার্তিক থামানোয় জলঘোলা চায় না দুই শিবির, বীরুকে টপকালেন পন্থ

আইপিএল চলাকালীন এবার ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মর্গ্যানের সঙ্গে মাঠেই বাকযুদ্ধে জড়ালেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন নাইট অধিনায়কের দিকে এগিয়ে যেতে ছুটে এসে পরিস্থিতি সামাল দিলেন দীনেশ কার্তিক। অশ্বিন আউট হয়ে ফেরার সময়ই ঘটে এই ঘটনা।

চর্চায় ক্রিকেটীয় স্পিরিট

চর্চায় ক্রিকেটীয় স্পিরিট

টিম সাউদির বলে আউট হওয়ার পর দেখা যায় নিউজিল্যান্ড পেসারকে কিছু বলছেন অশ্বিন। এরপরই এগিয়ে এসে অশ্বিনকে উদ্দেশ করে কিছু বলেন নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান। বাকযুদ্ধ চলাকালীন পাল্টা দিতে মর্গ্যানের দিকে এগিয়ে যান অশ্বিন। তখনই ছুটে গিয়ে পরিস্থিতি সামাল দেন দীনেশ কার্তিক। স্বাভাবিকভাবেই উঠে আসে ক্রিকেটীয় স্পিরিটের প্রসঙ্গ।

নাইটদের সঙ্গে বাকযুদ্ধে অশ্বিন

রাহুল ত্রিপাঠির থ্রো ঋষভ পন্থের গায়ে লাগার পর অতিরিক্ত রান নেওয়ার চেষ্টা করেছিলেন অশ্বিন। মর্গ্যান মনে করেছিলেন এটা ক্রিকেটীয় স্পিরিটের বিরোধী। এরপর অশ্বিন আউট হতেই তাঁকে উদ্দেশ করে কিছু বলেন নাইট অধিনায়ক। এরপর প্যাভিলিয়নের দিকে না গিয়ে পাল্টা মাঠেই বাকযুদ্ধে জড়িয়ে পড়েন অশ্বিন। কার্তিক ভারতীয় দল তথা তামিলনাড়ুর টিমমেটকে থামালেও পাশে দাঁড়িয়েছেন মর্গ্যানেরই। তিনি বলেন, আমিও মনে করি যখন কোনও ব্যাটসম্যানের গায়ে বা ব্যাটে কোনও থ্রো এসে লাগে তখন তাতে রান নেওয়া উচিত নয়। ক্রিকেটীয় স্পিরিট অনুযায়ী সেটাই হওয়া উচিত। তবে এটা একেবারেই আমার অভিমত। তবে মাঠে পিসমেকারের ভূমিকা পালন করে আমি খুশি। দুই শিবিরই এই নিয়ে জলঘোলা চাইছে না। ঋষভ পন্থও বলেছেন, এমন ঘটনা খেলারই অঙ্গ। দুই দলই জেতার চেষ্টা করছিল। ফলে এমন ঘটনা অস্বাভাবিক নয়। তবে যা হয়েছে ক্রিকেটীয় স্পিরিট তাতে ক্ষুণ্ণ হয়নি। দুজনের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হতেই পারে।

গুরুত্ব দিচ্ছে না দুই শিবিরই

গুরুত্ব দিচ্ছে না দুই শিবিরই

দিল্লি ক্যাপিটালসের মতো মাঠের ওই ঘটনাকে গুরুত্ব দিচ্ছে না নাইট শিবির। কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যানও বলেছেন, দুই দলই ক্রিকেটের স্পিরিট মেনেই খেলেছে। মাঠে গরমে কিছু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়া অস্বাভাবিক নয়। তিন দিনের মধ্যে দুটো দিনের ম্যাচ খেলা কঠিন ছিল, তবে জিততে পেরে খুশি। সবচেয়ে বড় কথা ২টি পয়েন্ট নিশ্চিত করেছি আমরা। টস জিতে ফিল্ডিং নেওয়ার পর পরিকল্পনামাফিক বোলিং হয়েছে। আউটফিল্ডও মন্থর ছিল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আমাদের লড়াই আজ কঠিনও ছিল। তবে পুরো কৃতিত্বটা আমি দিতে চাইব কোচ ব্রেন্ডন ম্যাকালামকে। তাঁর পজিটিভ মানসিকতাই উদ্বুদ্ধ করেছে গোটা দলকে।

মর্গ্যানকে নিয়ে উদ্বেগ

যদিও নাইট শিবিরকে উদ্বেগে রাখছে মর্গ্যানের ফর্ম। আইপিএলের দ্বিতীয়ার্ধে তাঁর রান যথাক্রমে ৭,৮ ও ০। আন্দ্রে রাসেল চোটের কারণে আজ খেলতে পারেননি। টিম সাউদি কেকেআরের হয়ে প্রথম ম্যাচে ভালোই খেলেছেন। লকি ফার্গুসনও। বাইরে বসে শাকিব আল হাসানের মতো বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। ফলে রাসেল ফিট হলে বিদেশি নির্বাচনে মহা সমস্যায় পড়বে কেকেআর। ইতিমধ্যেই মর্গ্যানকে বসানোর দাবি সোশ্যাল মিডিয়ায় তুলতে শুরু করেছেন নাইট-ভক্তরা।

খুশি নারিন

ম্যাচের সেরার পুরস্কার পাওয়া সুনীল নারিন বলেন, এই মাঠের খেলাগুলিতে বল ঘুরতে দেখে নিশ্চিত ছিলাম উইকেট থেকে সাহায্য পাওয়ার ব্যাপারে। বোলিং কোচেরও কৃতিত্ব রয়েছে, তাঁর জন্য আমিও কামব্যাক করতে পেরেছি। মিডল অর্ডারে ব্যাট করতে নামাটাও চ্যালেঞ্জিং। তবে অনেক দিন পর পরিশ্রমের মূল্য পাওয়ায় তৃপ্তি অনুভব করছি। আমরা সকলেই ভালো ক্রিকেট খেলছি। দু-একজনের হাল্কা চোট থাকলেও সকলেই ভালো খেলছেন, ভালো খেলতে মুখিয়ে রয়েছেন।

ভেঙ্কটেশের কামাল

ব্যাট হাতে আজ কামাল দেখাতে না পারলেও হাত ঘুরিয়ে দুই উইকেট তুলে নিয়ে চমক দেখিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। তিনি বলেন, বোলিংয়ে সন্তুষ্ট। বল হাতেও যে ভালো কিছু করতে পারি সেই বিশ্বাসটা ছিল। অনুশীলনে ইয়র্কারের উপরেও জোর দিই। বোলিং কোচ আনন্দ রাজনের তত্ত্বাবধানে বোলিং রপ্ত করে নিয়ন্ত্রণ ঠিক রেখে ফিল্ডিং অনুযায়ী বল করাই আমার লক্ষ্য থাকে। আমি মনে করি, একজন ক্রিকেটারের এমনভাবে তৈরি থাকা উচিত যাতে তিনটি বিভাগেই দলের হয়ে কিছু না কিছু অবদান রাখা যায়। আমি তেমন ক্রিকেটারই হতে চাই। ফিল্ডিংও তাই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ।

উদ্বিগ্ন নন পন্থ

চলতি আইপিএলের তৃতীয় এবং টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে প্রথম পরাজয়ের পর দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ বলেন, আরও অন্তত ১০ রান বেশি করা উচিত ছিল। প্রথমেই বুঝেছিলাম উইকেট দ্বিতীয় ইনিংসে ক্রমেই মন্থর হবে। তবে আমরা ১০০ শতাংশ দিতে চাইলেও আজকের দিনটা আমাদের ছিল না। এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াব। নতুন ব্যাটারদের পক্ষে এই পিচে খেলা সহজ ছিল না। শেষের দিকে বেশি উইকেট হারানোতেই ১০ রান কম তুলতে পারি। তবে বোলিং পারফরম্যান্স নিয়ে খুশি। এই পরাজয়ের পরও খুব বেশি রদবদলেরও প্রয়োজন নেই। পৃথ্বী শ ৮০ শতাংশ ফিট। পরের ম্যাচে তিনি খেলবেন বলে আশাবাদী পন্থ।

পন্থের নজির

পন্থের নজির

দিল্লির ফ্র্যাঞ্চাইজির হয়ে সবচেয়ে বেশি রান করার নজির গড়লেন পন্থ। টপকে গেলেন বীরেন্দ্র শেহওয়াগকে। দিল্লির হয়ে ২০১৬ সাল থেকে খেলছেন পন্থ। ৭৯টি ম্যাচে তাঁর রান ২৩৯০। গড় ৩৫.৯৬, স্ট্রাইক রেট ১৪৮.৩৫। একটি শতরান ও ১৪টি অর্ধশতরান করেছেন। দিল্লির হয়ে ২৩৮২ রান করেছেন বীরু। তার মধ্যে আইপিএলে ৭৯টি ম্যাচে শেহওয়াগের দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে রান ২১৭৪।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+