দেশেরও আগে কি আইপিএল! রোহিতকে নিশানা করে সৌরভ শিবিরকে তোপ প্রাক্তনীর!
দেশেরও আগে কি আইপিএল! রোহিতকে নিশানা করে সৌরভ শিবিরকে তোপ প্রাক্তনীর!
চোটের কারণে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে চলতি আইপিএলের চারটি ম্যাচ খেলতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা। তাঁকে বাইরে রেখেই অস্ট্রেলিয়াগামী ভারতীয় দল ঘোষণা করা হয়েছিল। যদিও নিজেকে ফিট প্রমাণ করতে পারলে যে সহ অধিনায়ককে জাতীয় দলের সঙ্গে ক্যাঙ্গারুর দেশে পাঠানো হবে, তাও জানিয়ে দিয়েছে বিসিসিআই। এর জন্য হিটম্যানকে সাবধানে থাকার পরামর্শ দেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তা সত্ত্বেও মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে রোহিত শর্মাকে ফের আইপিএল খেলতে দেখে ক্ষুব্ধ হয়েছেন দেশের প্রাক্তন তারকা ব্যাটসম্যান তথা বিসিসিআইয়ের প্রাক্তন প্রধান নির্বাচক দিলীপ বেঙ্গসরকার।

অবাক হয়েছেন বেঙ্গসরকার
হ্যামস্ট্রিংয়ের পেশিতে চোট পাওয়া রোহিত শর্মাকে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল নির্বাচনের আগে আনফিট বলে ঘোষণা করেন টিম ইন্ডিয়ার ফিজিও নীতীন প্যাটেল। রোহিতকে বাইরে রেখেই ভারতীয় দল ঘোষণা করা হয়েছিল। এহেন পরিস্থিতিতে রোহিত কী করে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে মাঠে নামেন, তা ভেবেই পাচ্ছেন না দিলীপ বেঙ্গসরকার।

বিসিসিআই-কে প্রশ্ন বেঙ্গসরকারের
সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বিসিসিআইয়ের কাছে দিলীপ বেঙ্গসরকারের প্রশ্ন, তবে কি দেশের থেকেও আইপিএল-কে বেশি গুরুত্ব দিচ্ছেন রোহিত শর্মা। চোটগ্রস্ত অবস্থায় মাঠে নামা হিটম্যান কি বিসিসিআইয়ের সম্মতিতে আইপিএল খেলতে নেমেছেন, সেই প্রশ্নও করেছেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান।

কী বলেছিলেন সৌরভ
রোহিত শর্মার চোট নিয়ে মঙ্গলবার মুখ খুলেছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। পরোক্ষে বুঝিয়ে দিয়েছিলেন যে চোট নিয়ে আইপিএলে না খেলাই ভাল হবে রোহিতের পক্ষে। নিজেকে ফিট প্রমাণ করতে পারলে হিটম্যানকে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে বলেও জানিয়েছিলেন মহারাজ।

তাও মাঠে নামেন রোহিত
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা কার্যত অমান্য করেন রোহিত শর্মা। মঙ্গলবারই মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে মাঠে নামেন অধিনায়ক। তা নিয়ে বিস্তর বিতর্ক শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications