রমেশ পাওয়ারের মেয়াদ বৃদ্ধির জন্য চিঠি লিখলেন ডায়না! মহিলা দলের কোচ নির্বাচন নিয়েও নাটক
ভারতীয় মহিলা দলের কোচ হিসেবে রমেশ পাওয়ারকে রেখে দেওয়ার জন্য তার সহকর্মী ডায়ানা এডুলজির প্রস্তাব খারিজ করে দিয়েছেন সিওএ চেয়ারম্যান বিনোদ রাই।
রমেশ পাওয়ারকে সিওএ সদস্যা ডায়না এডুলজি সমর্থন জোগাচ্ছেন, এরকমই অভিযোগ ছিল ভারতের মহিলা ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়িকা মিতালী রাজের। ডায়নার বিভিন্ন কাজে কর্মে তার ইঙ্গিতও মিলেছিল। এবার বোর্ডের এক সূত্র জানাল রমেশ পাওয়ারকেই ভারতের মহিলা ক্রিকেট দলের কোচের পদে রেখে দেওয়ার জন্য ডায়না আর্জি জানিয়েছেন সিওএ প্রধান বিনোদ রাইয়ের কাছে।

গত ৩০ নভেম্বর কোচ হিসেবে মেয়াদ ফুরায় রমেশের। তারপর তাঁর আর মেয়াদ বৃদ্ধি করা হয়নি। বদলে বোর্ড থেকে নতুন কোচের আবেদনপত্র চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়। কিন্তু জানা যাচ্ছে সেই বিজ্ঞাপন প্রকাশের পরও ডায়না এডুলজি ইমেল করে বিনোদ রাইকে বলেছিলেন সেই নতুন কোচ বাছাইয়ের প্রক্রিয়াটি বাতিল করে রমেশকেই কোচের পদে রেখে দিতে।
যুক্তি ছিল ভারতের মহিলা টি২০ দলের অধিনায়িকা হরমনপ্রিত ও তাঁর ডেপুটি স্মৃতি মান্ধানাও তাই চেয়েছেন। প্রসঙ্গত, হরমনপ্রিত ও স্মৃতি মান্ধানা বোর্ড কর্তাদের অনুরোধ করেছিলেন পরের মাসেই নিউজিল্যান্ড সফর, তার আগে কোচ বদলালে সবকিছু শূন্য থেকে শুরু করতে হবে।
কিন্তু ডায়নার সেই আবেদনে সাড়া দেননি বিনোদ রাই। তিনি সাফ জানিয়ে দেন, কোচ বাছাই প্রক্রিয়া বাতিল করার কোনও প্রশ্নই ওঠে না। কারণ বেশ কয়েকটি আবেদন জমা পড়ে গিয়েছে। সেই আবেদনকারীদের মধ্যে রয়েছেন মনোজ প্রভাকর, হার্শেল গিবস, দিমিত্রি মাসকেরেনহাসের মতো বড় নাম।
আগামী ১৪ ডিসেম্বর তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে ঠিক করা হবে ভারতের মহিলা ক্রিকেট দলের পরবর্তী কোচের নাম। আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারতের মহিলা দলের নিউজিল্যান্ড সফর। তার আগেই পরবর্তী কোচের বিষয়টি মিটিয়ে ফেলতে চায় বোর্ড।












Click it and Unblock the Notifications