ধোনি অনেকবার আমাকে বাদ পড়া থেকে বাঁচিয়েছে : বিরাট কোহলি
শুক্রবার ধোনির হাত থেকে অধিনায়কত্বের ব্যাটন হাতে তুলে নিয়েছেন কোহলি। আর এদিন তিনি জানালেন, একবার নয়, বেশ কয়েকবার ভারতীয় দল থেকে তাঁর বাদ পড়া আটকেছেন ধোনি।
মুম্বই, ৭ জানুয়ারি : শুধু নেতা হিসাবেও নয়, প্রয়োজনে রক্ষাকর্তা হিসাবেও অবতীর্ণ হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। অন্তত বিরাট কোহলির জন্য তো বটেই। শুক্রবার ধোনির হাত থেকে অধিনায়কত্বের ব্যাটন হাতে তুলে নিয়েছেন কোহলি। আর এদিন তিনি জানালেন, একবার নয়, বেশ কয়েকবার ভারতীয় দল থেকে তাঁর বাদ পড়া আটকেছেন ধোনি।
২০০৮ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে অভিষেক হয় বিরাট কোহলির। তারপর থেকে এতদিন পর্যন্ত ধোনির নেতৃত্বেই কেরিয়ারের পুরোটা সময় খেলেছেন বিরাট কোহলি। এরপরে টেস্ট থেকে ধোনি সরে দাঁড়ালে কোহলি অধিনায়কত্ব পান। এবার একদিনের ক্রিকেট ও টি২০-র অধিনায়কত্ব ধোনি ছাড়ায় তা গিয়েছে কোহলির হাতে।

কেরিয়ারের শুরুতে কোহলি টেস্ট হোক অথবা ওয়ান ডে, কোহলি ধারাবাহিকতা দেখাতে পারেননি। ফলে দলে তার জায়গা নিয়ে টানাটানি পড়ে গিয়েছিল। তবে সেই অবস্থায় ধোনি তাঁকে বেশ কয়েকবার বাদ পড়া থেকে আটকেছেন। এমনটাই দাবি করেছেন কোহলি।
বিরাটের কথায়, ধোনি সবসময় আমাকে সাহায্য করেছেন, সুযোগ দিয়েছেন। ক্রিকেটার হিসাবে আমাকে ভালো করার সময় দিয়েছেন। এবং অনেকবার বাদ পড়া আটকেছেন।
ধোনির জুতোয় পা গলানো যে বিরাট কাজ তা স্বীকার করে নিয়েছেন কোহলি। বলেছেন, ধোনির কথা মাথায় আসলেই একটি শব্দ প্রথমে মাথায় আসে, তা হল অধিনায়ক। আর কোনও শব্দ নয়। আমার কাছে তিনি সবসময় অধিনায়কই থাকবেন।
প্রসঙ্গত, বুধবার মহেন্দ্র সিং ধোনি একদিনের ও টি২০ দলের অধিনায়কের পদ থেক সরে দাঁড়ানোর ঘোষণা করেন। তবে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেন। সেজন্য শুক্রবার সর্বসম্মতিক্রমে বিরাট কোহলিকে টেস্টের পাশাপাশি একদিনের ক্রিকেট ও টি২০ দলের অধিনায়ক করে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications