শ্রীলঙ্কায় মাহি ৯৯, ছুঁয়ে ফেললেন বিশ্বরেকর্ড
মহেন্দ্র সিং ধোনির মুকুটে নতুন পালক , আপাতত ৯৯ মাহি
বিতর্কের মধ্যেই নিজের কাজে ফোকাসড ধোনি। ক্যান্ডিতে দ্বিতীয় একদিনের ম্যাচ চলাকালীন গড়ে ফেললেন নজির। এর আগে ৯৯ টি স্টাম্পিং করে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি সংখ্যক স্টাম্পিংয়ের রেকর্ড ছিল সঙ্গকারার দখলে। এবার তার সঙ্গে একাসনে বসলেন মাহি।

ক্যান্ডিতে একদিনের ম্যাচে ১৫ ওভারের খেলা চলছিল তখন। যজুবেন্দ্র চাহালের ফ্লাইটেড বল ওপেনার গুণতিলকা মিস করেন। ধোনি একটু চমকালেও স্টাম্পিং করে দিতে কোনও ভুল করেননি। আর স্টাম্পিং করার সঙ্গে সঙ্গেই ঢুকে গেলেন রেকর্ড বইয়ের পাতায়। ২৯৮ টি একদিনের ম্যাচ খেলে এই কৃতিত্ব অর্জন করলেন ধোনি।
ধোনি সবচেয়ে বেশি স্টাম্পিং করেছেন হরভজন সিংয়ের বলে। তাঁর বলে ধোনির স্টাম্পিংয়ের সংখ্যা ছিল ১৯। এরপরই তালিকায় যথাক্রমে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। তাঁদের বলে শিকারের সংখ্যা যথাক্রমে ১৫ ও ১৪।












Click it and Unblock the Notifications