সৌরভের সঙ্গে জন্মদিন শেয়ার দুই ক্রিকেটারের, কনওয়ের সঙ্গে মহারাজের দারুণ মিল
আজ ৮ জুলাই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি আজ জন্মদিন আরও দুই ক্রিকেটারের। একজন বাংলা তথা ভারতীয় ক্রিকেটে পরিচিত মুখ, শিবশঙ্কর পাল। অপরজন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে।

কিউয়ি কনওয়ে
ডেভন কনওয়ে। ১৯৯১ সালে আজকের দিনেই জন্ম ট্রান্সভালের জোহানেসবার্গে। ৩০ বছর পূর্ণ করলেন। তিনটি টেস্ট খেলেছেন, রান ৩৭৯, সর্বাধিক ২০০। গড় ৬৩.১৬। একটি শতরান ও ২টি অর্ধশতরান রয়েছে। ৩টি একদিনের আন্তর্জাতিকে একটি শতরান ও একটি অর্ধশতরান-সহ রান করেছেন ২২৫, সর্বাধিক ১২৬। ১৪টি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, রান করেছেন ৪৭৩। সর্বাধিক অপরাজিত ৯৯। স্ট্রাইক রেট ১৫১.১১।

কাকতালীয় মিল
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শুধু কনওয়ের জন্মদিনেই মিল নেই। মিল আরও আছে। সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডেভন কনওয়ে দুজনেই টপ অর্ডার ব্যাটসম্যান। টেস্টে সৌরভ মিডল অর্ডারে খেললেও একদিনের আন্তর্জাতিক বা টি ২০-তে ওপেন করতেন। কনওয়েও ওপেনার হিসেবে কিউয়িদের ভরসা দিয়েছেন। সৌরভের মতোই কনওয়ে ডানহাতি মিডিয়াম পেসারের ভূমিকা পালন করতে পারেন। সেই সঙ্গে প্রয়োজনে উইকেটকিপিংও করতে পারেন কনওয়ে।

লর্ডসে অভিষেক
সৌরভ ও কনওয়ে দুজনেরই টেস্ট অভিষেক হয়েছে লর্ডসে, ২৫ বছরের ব্যবধানে। কনওয়ে লর্ডসে অভিষেকে সবচেয়ে বেশি রান করার নিরিখে সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ভেঙে দ্বিশতরান করেছেন। তবে সৌরভের মতো কেরিয়ারের দ্বিতীয় টেস্টে শতরানের নজির নেই কনওয়ের। লর্ডসে অভিষেকে শতরান করা সত্ত্বেও সৌরভ গঙ্গোপাধ্যায়কে ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হয়নি। জিওফ্রে বয়কট সেই সিদ্ধান্তে সহমত না হয়ে বলেছিলেন, ম্যাচের সেরার পুরস্কার দেওয়া উচিত ছিল প্রিন্স অব ক্যালকাটাকেই। ১৯৯৬ সালের ওই সিরিজে নাসের হুসেনের সঙ্গে সৌরভকে সিরিজ সেরার পুরস্কার অবশ্য দেওয়া হয়েছিল ট্রেন্টব্রিজ টেস্টের পরেই। ওই টেস্টটি পড়েছিল সৌরভের জন্মদিনে। ডেভন কনওয়ে লর্ডস অভিষেকে সেরা হওয়ার পাশাপাশি সিরিজ সেরার পুরস্কার ভাগ করে নেন ইংল্যান্ডের ররি বার্নসের সঙ্গে।
Recommended Video

ম্যাকোর জন্মদিন
বাংলার প্রাক্তন ক্রিকেটার তথা কোচ শিবশঙ্কর পালেরও আজ জন্মদিন। সরকারি নথিতে তাঁর জন্মদিন ১৯৮১ সালের ৪ নভেম্বর দেখানো হলেও আসল জন্মদিন আজই। সৌরভ যেমন আজ ৪৯ পূর্ণ করে পা রাখলেন পঞ্চাশে, ম্যাকো সেখানে পূর্ণ করলেন ৪০ বছর। ২০০০-০১ মরশুমে বাংলার হয়ে অভিষেক। ৬১টি প্রথম শ্রেণির ম্যাচে ২২১টি উইকেট রয়েছে। ৫০ ওভারের ম্যাচ বা লিস্ট এ ম্যাচ খেলেছেন ৬১টি, উইকেটের সংখ্যা ৮৬টি। আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে যখন বিদায় জানান সেই সাংবাদিক বৈঠকে ম্যাকোর পাশে ছিলেন তৎকালীন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শিবশঙ্কর পাল ভারতীয় বোর্ড সভাপতি একাদশের হয়েও খেলেছেন। ২০০৬ সালে প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের মার্কাস ট্রেসকোথিককে বোল্ড করেছিলেন। ভদোদরার এই ম্যাচেই প্রথম ইনিংসে তিনি পেয়েছিলেন ইয়ান বেল ও লিয়াম প্লাঙ্কেটের উইকেট। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বই টেস্ট এবং ওই বছরই বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের দলে ছিলেন। তবে প্রথম একাদশে আসতে পারেননি। শিবশঙ্কর বলেছিলেন, দাদি (সৌরভ), রাহুল, সচিনদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার অভিজ্ঞতা আমার কেরিয়ারে সবচেয়ে স্মরণীয় এবং ভালো মুহূর্ত।












Click it and Unblock the Notifications