BCCI: বিসিসিআইয়ের সচিব হচ্ছেন দেবজিৎ, কোষাধ্যক্ষ পদে বসছেন প্রভতেজ
BCCI: বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে মুম্বইয়ে। তাতেই চূড়ান্ত হবে সচিব ও কোষাধ্যক্ষ হিসেবে জয় শাহ ও আশিস শেলারের স্থলাভিষিক্ত কারা হবেন।
১২ জানুয়ারি সেই সভায় ভোটাভুটি ছাড়াই দুই পদ ভরাট হওয়ার সম্ভাবনা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে তেমনই খবর।

জয় শাহ আইসিসি চেয়ারম্যান হয়েছেন বোর্ড সচিবের পদে ইস্তফা দিয়ে। আশিস শেলার মহারাষ্ট্রের মন্ত্রী হয়েছেন। এই দুই শূন্যপদ পূরণের জন্য বিসিসিআই স্পেশ্যাল জেনারেল মিটিং ডেকেছে মুম্বইয়ে জানুয়ারির ১২ তারিখ।
জয় শাহ সরে দাঁড়ানোর পর যুগ্ম সচিব পদে থাকা অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের দেবজিৎ সাইকিয়াকে অন্তর্বর্তীকালীন সচিব হিসেবে নিযুক্ত করেছিলেন বোর্ড সভাপতি রজার বিনি। অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের খেলা দেখতে ব্রিসবেনে জয় শাহের সঙ্গে হাজির ছিলেন দেবজিৎ।
২০২৫ সালেই বোর্ডের বার্ষিক সাধারণ সভা। ফলে সচিব ও কোষাধ্যক্ষ পদে যাঁরাই এখন বসবেন তাঁদের পদ থাকবে কয়েক মাসের জন্য। ফের তাঁদের জিতে আসতে হবে। আশিস শেলারের পদত্যাগের পর কাউকে অন্তর্বর্তী কোষাধ্যক্ষ করেনি বিসিসিআই।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বোর্ডের এসজিএমে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই দেবজিতের সচিব ও ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সঙ্ঘের প্রভতেজ সিং ভাটিয়া কোষাধ্যক্ষের পদে বসতে চলেছেন। ইতিমধ্যেই নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত অফিসার একে জ্যোতি খসড়া ইলেক্টোরাল লিস্ট প্রকাশ করেছেন।
সেই তালিকায় দেখা যায় এসজিএমে অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে যোগ দেবেন দেবজিৎ সাইকিয়া। দেবজিৎ সচিব হলে যুগ্ম সচিব কে হবেন তা নিয়ে জল্পনা চলছে। কোষাধ্যক্ষ হতে চলা প্রভতেজ বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের সদস্য।
হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করবেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করবেন ধনরাজ নাথওয়ানি। প্রাথমিকভাবে জল্পনা চলছিল, গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল বিসিসিআইয়ের সচিব হতে পারেন।
কিন্তু নাথওয়ানি এসজিএমে যাচ্ছেন। ফলে প্যাটেলের সচিব হওয়ার সম্ভাবনা শেষ। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের তরফে স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়ের প্রতিনিধিত্ব করার কথা। কিন্তু নাম পাঠাতে দেরি করায় খসড়া ইলেক্টোরাল লিস্টে নাম নেই সিএবির কারও।












Click it and Unblock the Notifications