Deepti Sharma: সিরাজের পর এবার ডিএসপি দীপ্তি! বাংলা থেকে ভারতীয় দলে খ্যাতি, চাকরি দিল উত্তরপ্রদেশ
Deepti Sharma: দীপ্তি শর্মা উত্তরপ্রদেশ পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্টের দায়িত্বভার নিলেন। উত্তরপ্রদেশের মেয়ে দীপ্তির ক্রিকেটীয় উত্থান বাংলা থেকেই।
বাংলার হয়ে খেলেই প্রথম নজরে পড়েন। তারপর ধাপে ধাপে ভারতীয় দলে জায়গা পাকা করা। বর্তমানে ভারতীয় মহিলা ক্রিকেট দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার দীপ্তি।

সামনেই মহিলাদের প্রিমিয়ার লিগ। জব্লিউপিএলের পাশাপাশি দীপ্তি ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় ফ্র্যাঞ্চাইজি লিগেও ব্য়াটে-বলে সাফল্য পেয়েছেন। ২৭ বছরের অলরাউন্ডার সম্প্রতি জায়গা পেয়েছেন ২০২৪ সালে আইসিসির মেয়েদের বর্ষসেরা টি২০ দলেও।
দীপ্তি ২০২৩ সালে কমনওয়েলথ গেমসে ভারতকে পদক জেতাতেও অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। ডব্লিউপিএলে দীপ্তি রয়েছেন ইউপি ওয়ারিয়রজে। বাংলার হয়ে খেলেই তাঁর ক্রিকেটীয় উত্থান। তবে পুলিশের চাকরি পেলেন উত্তরপ্রদেশেই।
জানা গিয়েছে, কমনওয়েলথ গেমসে পারফরম্যান্সের জন্যই দীপ্তিকে ৩ কোটি টাকা পুরস্কার দিয়েছিল উত্তরপ্রদেশ সরকার। সেই সঙ্গে ডিএসপি পদে তাঁকে আসীন করারও আশ্বাস দেওয়া হয়েছিল। এবার সেই দায়িত্বভার গ্রহণ করলেন দীপ্তি।
ছোটবেলার স্বপ্নপূরণ। ডিএসপি হওয়ার মাইলস্টোন ছুঁতে পেরে আপ্লুত দীপ্তি। পরিবারের পাশাপাশি উত্তরপ্রদেশ সরকারকেও কৃতজ্ঞতা জানিয়েছেন। উত্তরপ্রদেশ পুলিশের ডিএসপি হিসেবে নিজের কর্তব্য পালন করার আশ্বাস দিয়েছেন দীপ্তি। নিষ্ঠার সঙ্গেই এই দায়িত্বভার পালনে নিজের সেরাটা দেবেন বলে জানালেন।
জানা গিয়েছে, গত সোমবার মোরাদাবাদে ডিএসপির পোশাক পরিয়ে দীপ্তিকে হাজির করানো হয়। দীপ্তির সঙ্গে এই অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁর বাবা ভগবান শর্মা এবং দুই দাদা সুমিত ও প্রশান্ত শর্মা। রাজ্য সরকারের কাছ থেকে গত বছরই চাকরির নিয়োগপত্র পেয়ে গিয়েছিলেন দীপ্তি।
দীপ্তি মহিলাদের টেস্ট খেলেছেন পাঁচটি। ৩১৯ রান করেছেন, চারটি হাফ সেঞ্চুরি রয়েছে। টেস্টে তাঁর উইকেটের সংখ্যা ২০। ১০১টি ওডিআইয়ে ২১৫৪ রান করার পাশাপাশি ১৩০টি উইকেট পেয়েছেন। ওডিআইয়ে ১টি শতরান ও ১২টি অর্ধশতরান রয়েছে। ১২৪টি টি২০ আন্তর্জাতিকে ১০৮৬ রান করেছেন, ২টি হাফ সেঞ্চুরি রয়েছে। ১৩৮টি উইকেটও পেয়েছেন।












Click it and Unblock the Notifications