IND-W vs ENG-W: দীপ্তির ৫ উইকেট ৭ রান খরচ করেই! হরমনপ্রীতের ভারতের কাছে টেস্ট পরাজয় বাঁচাতে লড়ছে ইংল্যান্ড
IND-W vs ENG-W: ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল তাদের শততম টেস্টে বড় পরাজয় বাঁচানোর লড়াই চালাচ্ছে। ভারত নিজেদের ৩৯তম টেস্টে স্মরণীয় জয়ের পথ মসৃণ করে এগিয়ে চলেছে।
মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস আকাদেমিতে মহিলাদের টেস্টে দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে যা স্কোর তাতে ভারতের লিড ৪৭৮ রানের। হাতে রয়েছে ৪ উইকেট। উইকেটে বল ঘুরছে। ফলে ভারত কালই জয় ছিনিয়ে নিতে পারে।

ভারতের প্রথম ইনিংস আজ শেষ হয় ১০৪.৩ ওভারে ৪২৮ রানে। দীপ্তি শর্মা ১১৩ বলে ৬৭, স্নেহ রানা ৩০ রান করেন। পূজা বস্ত্রকার ১০ রানে অপরাজিত থাকেন। লরেন বেল ও সোফি এক্লেস্টোন তিনটি করে উইকেট দখল করেছেন। জবাবে খেলতে নেমে ইংল্যান্ডের মহিলা দলের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩৫.৩ ওভারে ১৩৬ রানে।
২৮ রানে পড়ে সাত উইকেট। ন্যাট সিভার-ব্রান্ট সর্বাধিক ৫৯ রান করেন। বাংলার দীপ্তি শর্মার ৫.৩ ওভারে ৪টি মেডেন, সাত রান খরচ করে তিনি পাঁচ উইকেট নিয়েছেন। স্নেহ রানা ২টি, রেণুকা সিং ও পূজা বস্ত্রকার ১টি করে উইকেট তুলে নেন।
দ্বিতীয় ইনিংসে ভারত দিনের শেষে ৪২ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান তুলেছে। শেফালি ভার্মা ৩৩, স্মৃতি মান্ধানা ২৬, যস্তিকা ভাটিয়া ৯, জেমাইমা রডরিগেজ ২৭, দীপ্তি ২০, স্নেহ শূন্য রানে আউট হয়েছেন। হরমনপ্রীত কৌর ৬৭ বলে ৪৪ ও পূজা বস্ত্রকার ১৭ রানে ব্যাট করছেন। শার্লি ডিন ৬৮ রান খরচ করে নিয়েছেন ৪ উইকেট। সোফি এক্লেস্টোন পান ২টি উইকেট।
এক্লেস্টোনকে বোল্ড করেই সবচেয়ে তৃপ্ত দীপ্তি। তাঁর কথায়, আমি টেস্ট ক্রিকেট ভালোবাসি। ব্যাটিং ও বোলিংয়ের ক্ষেত্রে অনেকটাই সময় পাওয়া যায় নিজেকে মেলে ধরার। ব্যাটিং ও বোলিং উপভোগ করেছি। স্লিপে দাঁড়িয়ে আঁচ করছিলাম কেমন বোলিং করতে হবে। অপেক্ষা করছিলাম সুযোগের।
ব্যাটে-বলে দীপ্তির দাপট মনে করাল শুভাঙ্গি কুলকার্নিকে। ১৯৮৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের মহিলা দলের এই প্রাক্তনী ব্যাট হাতে ৭৯ রান করার পাশাপাশি ৯৯ রান খরচ করে ৬ উইকেট নিয়েছিলেন।
দীপ্তি বলেন, মধ্যাহ্নভোজের বিরতির সময় পিচে কয়েকটা জায়গায় ক্ষত লক্ষ্য করে সেখানেই বল ফেলার পরিকল্পনা করি। উইকেট আদ স্পিন সহায়ক ছিল। সঠিক জায়গায় বল ফেলে পরিকল্পনামাফিক বোলিং করাই আমাদের লক্ষ্য ছিল সব সময়। সেটাই করে গিয়েছি। উইকেটে বল ঘুরতে শুরু করায় ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসেও দ্রুত মুড়িয়ে ফেলার বিষয়ে আত্মবিশ্বাসী হরমনপ্রীত অ্যান্ড কোং।












Click it and Unblock the Notifications