IPL 2022: নতুন করে চোট পাওয়া এই তারকা বোলারের সার্ভিস গোটা মরসুমেই হয়তো পাবে না ধোনি-জাডেজার চেন্নাই
নতুন করে চোট পাওয়া এই তারকা বোলারের সার্ভিস গোটা মরসুমেই হয়তো পাবে না ধোনি-জাডেজার চেন্নাই
পিঠের চোটের কারণে মরসুমের শুরু থেকে চেন্নাই সুপার কিংস সার্ভিস পায়নি দলের অন্যতম ভরসা দীপক চাহারের। বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছে তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি বছরের শুরুতে চোট পান দীপক। যার ফলে চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত দীপকের সার্ভিস পায়নি দল।

যে দ্রুততার সঙ্গে তিনি ফিট হয়ে উঠছিলেন তাতে শেষের দিকে কয়েকটা ম্যাচে চেন্নাইয়ের তাঁর সার্ভিস পাওয়ার সম্ভবনা থাকলেও নতুন করে ফের পিঠে চোট পাওয়ায় তা হয়তো আর সম্ভব হবে না। ইনসাইড স্পোর্টস-এর প্রতিবেদন অনুযায়ী সিএসকে টিম ম্যানেজমেন্ট দীপক চাহারের নতুন করে পাওয়া চোটের বিষয়ে অবগত নয়। চেন্নাইয়ের ফ্রাঞ্চাইজি দলটির সম্পর্কে বলা হয়েছে, "আমরা ওর পিঠের চোটের বিষয়ে অবগত নই। ও কঠিন পরিশ্রম করছে পুরনো জায়গায় ফিরে আসার জন্য এবং আমাদের হয়ে মাঠে নামার জন্য। কিন্তু এই মুহূর্তে ওর সার্ভিস পাবে না দল।" ২০২২ আইপিএল-এর জন্য দীপককে ধরে রাখতে ১৪ কোটি টাকা খরচ করেছে চেন্নাই সুপার কিংস। এই দলের গুরুত্বপূর্ণ সদস্য রাজস্থানের এই ক্রিকেটার এবং অনুপস্থিতি দলের বিভিন্ন ফাঁক ফোকর উন্মোচিত করে দিচ্ছে প্রতিনিয়ত।

অন্য দিকে, গুজরাত টাইটানসের বিরুদ্ধে জিতলেও খারাপ খবর হায়দরাবাদ শিবিরে। চোটের কারণে প্রায় দুই সপ্তাহ টুর্নামেন্টের বাইরে থাকবেন দলের তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। গুজরাটের ইনিংসে চোট পেয়ে মাঠ ছাড়েন সুন্দর। মাত্র তিন ওভার বল করে মাঠের বাইরে চলে যান। তাঁর পরিবর্তে এইডেন মার্করাম ওভার শেষ করেন।
ম্যাচের শেষে সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ টম মুডি বলেন, "ওয়াশিংটন সুন্দরের ডান হাতে চোট রয়েছে। আগমী দুই-তিন দিন আমরা দেখব ওর চোটের অবস্থার কেমন উন্নতি হয়। আশা করি দলের কাছে বড় ধাক্কা হয়ে উঠবে না ওয়াশিংটনের চোট। আমার মনে হয় ওর সুস্থ হতে এক বা দুই সপ্তাহ সময় লাগবে।"
চলতি মরসুমে ভাল ফর্মে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। পাওয়ার প্লে'তে উইকেট নেওয়ার বিকল্প হওয়ার পাশাপাশি, তিনি ব্যাট হাতেও নির্ভরতা দিয়েছেন দলকে। ওয়াশিংটন সুন্দরের চোটের পর ব্যাট করতে গিয়ে চোট পান রাহুল ত্রিপাঠিও। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ১৪তম ওভারে তাঁকে মাঠ ছাড়তে হয় এবং তাঁর জায়গায় ব্যাটিং করতে আসেন নিকোলাস পুরান। তবে, আগামী ম্যাচের আগে ত্রিপাঠী ফিট হয়ে উঠতে পারবেন বলে আশা করছেন সানরাইজার্সের টিম ম্যানেজেন্ট।












Click it and Unblock the Notifications