আইপিএলে ধোনির চেন্নাই সুপার কিংসের ধাক্কা! পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারেন এই তারকা
আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা চেন্নাই সুপার কিংসের। ২৬ মার্চ থেকে শুরু আইপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে পারে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। যদিও আইপিএলের বেশিরভাগ ম্যাচ তো বটেই, এমনকী গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে পারেন নিলামে সবচেয়ে বেশি দরে বিক্রি হওয়া ভারতীয় পেসার।

ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি ২০ আন্তর্জাতিকে বল করার সময় চোট পেয়ে মাঠ ছাড়েন দীপক চাহার। কোয়াড্রিসেপ টিয়ারের সমস্যায় ভুগছেন তিনি। জানা যাচ্ছে, এমন ধরনের চোটের ক্ষেত্রে ফিট হতে কয়েক মাস সময় লাগে। আর তাতেই চাহারকে আইপিএলে পাওয়া নিয়ে বাড়ছে সংশয়। এই মুহূর্তে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে রিহ্যাব চলছে চাহারের। সেখান থেকে চূড়ান্ত রিপোর্ট আসা অবধি অপেক্ষা করতেই হবে চেন্নাই সুপার কিংসকে। সিএসকের সুরাটে শিবির শুরু হচ্ছে ৮ মার্চ থেকে। পাঁচদিন নিভৃতবাসে থাকবেন ক্রিকেটাররা। মুম্বই ও পুনের উইকেটে খেলতে যাতে অসুবিধা না হয় সে কারণে বেছে নেওয়া হয়েছে সুরাটকে।

বোলিং অলরাউন্ডার চাহারকে নেওয়ার জন্য আইপিএলে ঝাঁপিয়েছিল অনেক ফ্র্যাঞ্চাইজিই। দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ প্রথমে দর কষাকষি চালাতে থাকে। পরে তা গিয়ে দাঁড়ায় রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে। শেষ অবধি ১৪ কোটি টাকায় কিনে বাজিমাত করে চেন্নাই সুপার কিংস। একদিনের আন্তর্জাতিকে চাহার ব্যাট হাতে ভারতের জয়ে বড় ভূমিকা নিয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে করেছিলেন অপরাজিত ৬৯, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন ৫৪ রানের ইনিংস, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৮ রানও উল্লেখযোগ্য।

২০১৬ সালে চাহার আইপিএলে প্রথমবার খেলেন রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে। তখন তিনি ছিলেন আনক্যাপড ফাস্ট বোলার। ১০ লক্ষ টাকায় নিয়েছিল পুনে। ২০১৮ সালের মেগা নিলামে চাহারকে ৮০ লক্ষ টাকায় নিয়েছিল চেন্নাই সুপার কিংস। সিএসকে-ক হয়ে ৫৮টি ম্যাচে দীপক চাহার ৫৮টি উইকেট নিয়ে তাঁর উপর রাখা আস্থার মর্যাদা দিয়েছেন। এর মধ্যে ৪২টি উইকেট পাওয়ারপ্লেতে নেওয়া (প্রথম ৬ ওভারে)। ২০১৮ থেকে চাহার সিএসকে-তে থাকলেও এবার নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু তাঁকে ফের দলে নেওয়া হয়েছে। চাহারকে নেওয়ার পিছনে কারণ, এবার নিলামে চেন্নাই সুপার কিংসের স্ট্র্যাটেজিই ছিল বিগত বছরগুলির কোর গ্রুপকে ধরে রাখা। ফলে ১১ কোটি থেকে চেন্নাই চাহারের জন্য নিলামে যোগ দেয়। এই প্রথম কোনও ক্রিকেটারকে নিতে ১০ কোটি টাকার বেশি খরচ করল চেন্নাই।












Click it and Unblock the Notifications