কোভিড ১৯ টিকাকরণের জন্য অরুণ জেটলি স্টেডিয়াম দিতে রাজি ডিডিসিএ
কোভিড ১৯ টিকাকরণের জন্য অরুণ জেটলি স্টেডিয়াম দিতে রাজি ডিডিসিএ
দেশে বাড়তে থাকা করোনা ভাইরাসের প্রভাবে দাড়ি টানতে টিকাকরণ যে বিশেষ ভূমিকা পালন করতে চলেছে, তা জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। সেই মতো দেশজুড়ে কোভিড ১৯-এর গণ টিকাকরণের প্রক্রিয়া শুরু করে দিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার। সেই উদ্যোগে সামিল হয়ে অরুণ জেটলি স্টেডিয়ামকে টিকাকরণ কেন্দ্র হিসেবে ছেড়ে দিতে রাজি হয়েছে দিল্লি ক্রিকেট বোর্ড বা ডিডিসিএ। এ ব্যাপারে তারা দিল্লির সরকারকে চিঠিও লিখেছে বলে জানানো হয়েছে।

দিল্লিতে এখনও পর্যন্ত কোভিড ১৯ টিকাকরণের জন্য ৮৬৪টি কেন্দ্র খোলা রাখা হয়েছে। সেগুলি থেকে বর্তমানে ১৮ ও তার উর্ধ্বের ব্যক্তিদের টিকাকরণের প্রক্রিয়া চলছে। করোনা ভাইরাসে দারুণভাবে প্রভাবিত হওয়া দিল্লিতে ১২ মে পর্যন্ত ৪১.৬৪ লক্ষ ডোজ শেষ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। এই প্রক্রিয়ায় এবার অরুণ জেটলি স্টেডিয়ামের নামও অন্তর্ভূক্ত হতে চলেছে।
দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির পুত্র তথা ডিডিসিএ-র সভাপতি রোহন জেটলি জানিয়েছেন যে তিনি এই ব্যাপারে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারকে চিঠি লিখেছেন। জানিয়েছেন, রাজধানীর এই ক্রিকেট স্টেডিয়ামে প্রতিদিন ১০ হাজার মানুষ কোভিড ১৯ টিকার জ্যাব নিতে পারবেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বা নতুন ক্রিকেট মরসুম শুরু না হওয়া পর্যন্ত দিল্লি সরকার স্টেডিয়ামটি ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন রোহন।
শেষ ২৪ ঘণ্টায় দিল্লিতে ৬৫০০ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে রাজধানী কোভিড ১৯ সংক্রমণের পজিটিভিটি রেট ১১ শতাংশ কমেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গত একদিনে দেশে নতুন করে ৩,২৬,০৯৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৩৮৯০ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৬ লক্ষ পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছে ২ লক্ষ ৬৬ হাজারেরও বেশি মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার মরিয়া চেষ্টা চালাচ্ছে প্রশাসন। পাশে দাঁড়িয়েছে দেশের ক্রিকেট মহল।












Click it and Unblock the Notifications