David Warner: শেষ টেস্ট খেলতে নামার আগে ব্যাগি গ্রিন হারালেন ওয়ার্নার, জনগণের কাছে করলেন বিশেষ আবেদন
বুধবার থেকে সিডনিতে কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলতে নামছেন ডেভিড ওয়ার্নার। কিন্তু তার আগে বিড়ম্বনায় পড়েছেন অজি তারকা ব্যাটসম্যান। শেষ টেস্ট খেলতে নামার আগে হারিয়ে বসেছেন প্রথম পাওয়া টেস্ট ক্যাপ। ব্যাগি গ্রিন হারিয়ে রীতিমতো আবেগতাড়িত হয়ে পড়েছেন অজি বাঁ-হাতি ব্যাটসম্যান। সমাজমাধ্যমে দেশবাসীর কাছে একটি আবেগ পূর্ণ বার্তাও তুলে ধরেছেন ওয়ার্নার।
কয়েকদিন আগে মেলবোর্ন থেকে সিডনি আসার পথে বিমান বন্দরে নিজের ব্যাগটি হারিয়েছেন ওয়ার্নার। সেই ব্যাগেই ছিল জীবনে প্রথম পাওয়া ব্যাগি গ্রিন টুপি। প্রথম টেস্ট ক্যাপ যে কোনও ক্রিকেটারের কাছেই স্পেশ্যাল হয়ে থাকে, ব্যাতিক্রম নন ওয়ার্নারও। কিন্তু কেরিয়ারের শেষ টেস্টে খেলতে নামার আগে ব্যাগি গ্রিন হারিয়ে কিছুটা ভেঙে পড়েছেন ওয়ার্নার।

ইনস্টাগ্রামে ওয়ার্নার বলেছেন, 'এটা আমার শেষ অবলম্বন। কিন্তু আমার যে ব্যাগে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটা নিয়ে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে যা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে আসার পথে এই ঘটনাে ঘটে। এটার সঙ্গে আমার আবেগ জড়িয়ে আছে। ব্যাগি গ্রিনটি এমন একটি কিছু যা আমি ফিরে পেতে চাই।'
এখানে থেমে না থেকে ওয়ার্নার ভিডিও বার্তাতে আরও বলেন, 'যদি আমার এই ব্যাগটিকে আপনি চেয়ে থাকেন, আমার কাছে অতিরিক্ত একটা আছে। আপনি যদি ব্যাগি গ্রিন ফেরত দেন, আমি আপনাকে আমার এই ব্যাগটিকে খুশিমনে দিয়ে দেব। আপনি কোনও সমস্যায় পড়বেন না, শুধু আমার কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করুন।'
জীবনের শেষ টেস্ট খেলতে নামার আগে তরুণ প্রজন্মের জন্য ওয়ার্নারের বার্তা, আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই স্বপ্ন দেখা খুবই গুরুত্বপূর্ণ। নিজের প্রতি, সামর্থ্যের প্রতি বিশ্বাস রাখো, আমি যেভাবে বড় স্বপ্ন দেখেছি, সেভাবে বড় স্বপ্ন দেখতে ভয় পেয়ো না।
বছরের প্রথম দিনেই একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ওয়ার্নার। ভারতের মাটিতে একদিনের ক্রিকেট বিশ্বকাপ শেষেই অবসররের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন। অবশেষে সোমবার সরকারি ঘোষণা করেন। মূলত পরিবারকে সময় দেওয়ার কারণেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন অজি তারকা ব্যাটার।
অবসরের সিদ্ধান্ত নিলেও আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দরজা খোলা রেখেছেন। একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণার সময়ই ওয়ার্নার জানিয়ে দিয়েছেন, 'এখনও দুই বছর দাপটের সঙ্গে খেলার ক্ষমতা রয়েছে আমার। আর তাই আমাদের ক্রিকেট বোর্ড যদি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আমাকে প্রয়োজন মনে করে, তাহলে অবসর ভেঙে ফিরে আসতে পারি।'












Click it and Unblock the Notifications