মুখের কুলুপ খুলল, বল বিকৃতি কাণ্ডের পর প্রথমবার যা বললেন ওয়ার্নার
বল বিকৃতি বিতর্কের পর প্রথমবার ইনস্টাগ্রামে মুখ খুললেন ডেভিড ওয়ার্নার। জানালেন যা ঘটেছে তার জন্যে তিনি দুঃখিত।
গত শনিবার থেকে বল বিকৃতি কাণ্ড নিয়ে উত্তাল গোটা দুনিয়া। অভিযুক্ত তিন ক্রিকেটারের মধ্যে অজি অধিনায়ক স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্র্যানক্রফট শুরুতেই নিজেদের দোষ স্বীকার করে নিয়েছিলেন। কেবল মুখে কুলুপ ছিল অজি সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের।

একটি মহল থেকে প্রাথমিকভাবে জানা গিয়েছিল ডেভিড ওয়ার্নার নাকি জানিয়েছিলেন এই বল বিকৃতি কাণ্ড সবাই জানত। এতে আবার বেজায় চটে যায় অজি পেসাররা। তাদের দাবি ছিল তারা নাকি এসবের কিছুই জানতেন না। এটাও জানা গিয়েছিল ব্যানক্রফটকে নাকি ওয়ার্নারই হাতে ধরে শিখিয়েছিলেন কী করে সাদা বল থেকে শাইন তুলে তার রাফ বার করে আনতে হয়। এই জন্যেই ক্রিকেট অস্ট্রেলিয়াও সবচেয়ে চটেছে ডেভিড ওয়ার্নারের ওপর। তাই শুধু একবছরের নির্বাসন দিয়েই ক্ষান্ত হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। এও জানিয়ে দিয়েছে যে তাঁকে আর ভবিষ্যতে কোনও দিন ক্রিকেট অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে না।
শাস্তি পেয়ে দেশে ফেরার পথে ডেভিড ওয়ার্নার প্রথমবার মুখ খুলেছেন। যদিও সংবাদমাধ্যমের সামনে নয়। তিনি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নিজের বক্তব্য জানিয়েছেন। বলেছেন, ' অস্ট্রেলিয়া তথা গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকদের আমি একথা জানাতে চাই, আমি সিডনি ফিরছি। আমি যে ভুল করেছি, তা গোটা ক্রিকেট বিশ্বকে কলঙ্কিত করেছে। এমন ঘটনার জন্য আমি বিনীতভাবে ক্ষমা প্রার্থণা করছি এবং গোটা ঘটনার দায় আমি নিজের উপর নিচ্ছি। এই ঘটনার যে প্রভাব গোটা বিশ্বের সমর্থকদের উপর পড়েছে, তা আমি বুঝতে পারছি। যে খেলাকে আমরা প্রত্যেকেই এত ভালোবাসি, এই ঘটনা তার উপরে একটা কলঙ্ক। আর আমি তো সেই ছোটোবেলা থেকেই এই খেলাকে ভালোবাসি। আপাতত আমি একটা গভীর শ্বাস নিতে চাই। সময় কাটাতেই চাই বন্ধু, শুভানুধ্যায়ী এবং পরিবারের সঙ্গে। আপাতত কয়েকদিন পর ফের আমার কথা শুনতে পাবেন।'


এদিকে ডেভিড ওয়ার্নারের এই পোস্টের পরই তাঁর ফ্যানরা বিভিন্ন ভাবে নিজেদের অভিমত প্রকাশ করেছেন। কেউ যেমন ওয়ার্নারের এই লড়াইতে তাঁর দিকে সমবেদনার হাত বাড়িয়ে দিয়েছেন। তেমনি কেউ আবার জানিয়েছেন যে আঘাত তাঁরা এই ঘটনায় পেয়েছেন তার জখম সারতে সময় লাগবে।












Click it and Unblock the Notifications