দিল্লি টেস্ট চলাকালীনই ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার, পরিবর্ত হিসেবে সুযোগ পেলেন কে?
কনকাসনের কারণে দিল্লি টেস্ট থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার। তাঁর পরিবর্তে দলে নেওয়া হলো ম্যাট রেনশকে।
দিল্লি অরুণ জেটলি স্টেডিয়ামে চলছে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। গতকাল টস জিতে ব্যাট করতে নেমে ২৬৩ রানে অল আউট হয়ে যাওয়ার পর আজ প্রথম সেশনে ভারতের ইনিংসে আঘাত হেনেছে অস্ট্রেলিয়া। যদিও তারই মধ্যে বড় ধাক্কাও খেল প্যাট কামিন্সের দল। কনকাসনের কারণে ম্যাচ চলাকালীনই ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার।

ওয়ার্নারের কনকাসন
ডেভিড ওয়ার্নার এবারও ভারত সফরে টেস্টে রান পাচ্ছেন না। গতকাল মহম্মদ সিরাজের বলে প্রথমে কনুইয়ে চোট পান। এরপর দশম ওভারে সিরাজের একটি বল তাঁর হেলমেটে লাগে। সিরাজের বাউন্সারে পুল শট মারতে গিয়েছিলেন। কিন্তু পেসে পরাস্ত হন। তাঁর মাথা লেগ সাইডের দিকে ঘুরে থাকায়, বাঁ চোয়ালে দিকে হেলমেটের গ্রিলে বল লাগে।

প্রথমে বোঝা যায়নি
এর আগে কনুইয়ে যখন চোট লেগেছিল তখন দলের চিকিৎসক ও ফিজিওরা প্রাথমিক চিকিৎসা করেছিলেন। কিন্তু হেলমেটে বল লাগার পর দীর্ঘ সময় ধরে কনকাসন টেস্ট হয়নি বা হেলমেট পরিবর্তনও করেননি ওয়ার্নার। দশম ওভারের শেষে ওয়ার্নার গ্লাভস পরিবর্তন করেছিলেন। দলের চিকিৎসক সামান্য কথা বলেন ওয়ার্নারের সঙ্গে। দানতে চান কোথায় হেলমেটে লেগেছে? এরপর দ্রুত তিনি ডাগআউটে ফিরে যান। এরপর ব্যাটিং চালিয়ে যান ওয়ার্নার। ব্যক্তিগত ১৫ রানে মহম্মদ শামির শিকার হন। তবে অস্ট্রেলিয়ার বোলিং শুরুর সময় মাঠে দেখা যায়নি ওয়ার্নারকে। তখন তিনি নিজেকে ১০০ শতাংশ সুস্থ বোধ করছিলেন না। কনকাসন টেস্টে ব্যর্থ হতেই তাঁকে ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

ছিটকে গেলেন ম্যাচ থেকেই
ক্রিকেট অস্ট্রেলিয়ার গাইডলাইন মেনেই এখন তাঁকে চলতে হবে। নাগপুরের পর দিল্লি টেস্টেও ব্যর্থ হওয়ায় ভারতের মাটিতে তাঁর ব্যাটিং গড় নেমে এসেছে ২১.৭৮-এ। ফলে ইন্দোরে তিনি এমনিতেও জায়গা ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছেই। কনকাসনের সমস্যা কাটিয়ে তিনি কবে মাঠে ফেরেন সেটাই দেখার। এই টেস্টে ট্রাভিস হেডকে খেলানোর জন্য ম্যাট রেনশকে বাদ দেওয়া হয়েছিল। তবে তিনিই ওয়ার্নারের কনকাসন সাবস্টিটিউট হিসেবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করবেন। কেরিয়ারের শুরুর দিকে ২০১৬-১৭ মরশুম নাগাদ রেনশ ওপেন করতেন। এখন মিডল অর্ডারেই খেলেন। তবে তাঁকে দিয়ে দ্বিতীয় ইনিংসে বোলিং করানো যাবে না বলে জানিয়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।

ভারতের ব্যাটিংয়ে ধস
এদিকে, ভারত ইতিমধ্যেই প্রথম সেশনে চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছে। ১৭.১ ওভারে ৪৬ রানে প্রথম উইকেট পড়ার পর ২২.২ ওভারে ৬৬ রানে চতুর্থ উইকেট হারিয়েছে ভারত। অধিনায়ক রোহিত শর্মা ৩২, লোকেশ রাহুল ১৭, চেতেশ্বর পূজারা শূন্য ও শ্রেয়স আইয়ার ৪ রান করে আউট হয়েছেন। সব উইকেটই গিয়েছে নাথান লিয়ঁর ঝুলিতে।দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত ৪ উইকেটে ৮৮, পিছিয়ে ১৭৫ রানে। বিরাট কোহলি ৪২ বলে ১৪ ও রবীন্দ্র জাদেজা ৩৬ বলে ১৫ রানে অপরাজিত রয়েছেন।












Click it and Unblock the Notifications