কিংবদন্তি লক্ষ্মণকে করা টুইটে কেন 'কালু' শব্দের প্রয়োগ, স্পষ্ট করলেন স্যামি
কিংবদন্তি লক্ষ্মণকে করা টুইটে কেন 'কালু' শব্দের প্রয়োগ, স্পষ্ট করলেন স্যামি
কিংবদন্তি ভিভিএস লক্ষ্ণণকে জন্মদিনের শুভেচ্ছায় কেন নিজেকে 'কালু' নামে সম্বোধন করেছেন, তা স্পষ্ট করলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন স্যামি। আইপিএলে খেলার সময় ওই ক্যারিবিয়ান ক্রিকেটারের সঙ্গে বর্ণবিদ্বেষমূলক আচরণ নিয়ে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। স্যামি নিজে এ ব্যাপারে নমনীয় হলেও বিতর্ক থামার নামই নিচ্ছে না। সেই সঙ্গে ভাইরাল হওয়া ভিভিএস লক্ষ্ণণের উদ্দেশে ড্যারেন স্যামির টুইট নিয়ে প্রশ্ন জন্মেছে নেটিজেনদের মনে।

কাঠগড়ায় আইপিএল
বর্ণবৈষম্য ইস্যুতে আইপিএল-কে নিশানা করেন অন্যতম সফল ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন স্যামি। ইনস্টাগ্রামে তিনি অভিযোগ করেন, ২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলার সময় তাঁকে সতীর্থদের কাছ থেকে 'কালু' ডাক শুনতে হয়েছে। প্রথমে এই নাম শুনে তাঁর প্রশংসা বলে মনে হলেও, এর প্রকৃত অর্থ বোঝার পর তিনি মেজাজ ধরে রাখতে পারছেন না বলেও জানান ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক। অভিযুক্তদের কাছে ক্ষমা দাবি করেছিলেন স্যামি।

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড
ড্যারেন স্যামির অভিযোগ শোনার পরেই উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। #SaySorryToDaren ট্রেন্ডকে সঙ্গী করে স্যামি তথা বিশ্বের সব কৃষ্ণাঙ্গদের হয়ে গলা ফাটাতে শুরু করেন ভারতীয় অভিনেত্রী স্বরা ভাস্কর সহ নেটিজেনদের একটা অংশ।

ভাইরাল আরও এক টুইট
২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় সেই দলের মেন্টর তথা ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন ড্যারেন স্যামি। সেখানে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার নিজেকে 'ডার্ক কালু' বলে সম্বোধন করেছিলেন। এরপরেই নেটিজেনদের মনে প্রশ্ন তৈরি হয়, তবে কি স্যামিকে এই নামে ডাকতেন ভালো মানুষ লক্ষ্মণও?

স্পষ্ট করলেন স্যামি
এই বিতর্ক দূর করতে নিজেই সরব হয়েছেন ড্যারেন স্যামি। বলেছেন, সেই সময় 'কালু' শব্দের অর্থ তিনি বুঝতেন না। মনে করতেন, হয়তো শক্তি বোঝাতেই এই শব্দ ব্যবহার করা হচ্ছে। সেই ভাবনা থেকেই তিনি সেদিন ভিভিএস লক্ষ্মণকে ওই বার্তা লিখেছিলেন বলে জানিয়েছেন স্যামি। বলেছেন, 'ডার্ক কালু' শব্দের মাধ্যমে তিনি কালো ঘোড়া বোঝাতে চেয়েছিলেন।












Click it and Unblock the Notifications