Sunrisers Hyderabad: ভেত্তোরি সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ, চাকরি গেল ব্রায়ান লারার
Sunrisers Hyderabad: ফের হেড কোচ বদল সানরাইজার্স হায়দরাবাদের। চাকরি গেল ব্রায়ান লারার। নিউজিল্যান্ডের প্রাক্তনী ড্যানিয়েল ভেত্তোরি এবার অরেঞ্জ আর্মির দায়িত্বে। সম্প্রতি অস্ট্রেলিয়া দলের সহকারী কোচের ভূমিকা পালন করেন তিনি।
আইপিএলে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে ভেত্তোরির। ২০১৪ থেকে ২০১৮ সাল অবধি তিনি ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হেড কোচ। আগামী মরশুমে ভেত্তোরির প্রশিক্ষণেই মাঠে নামবে সানরাইজার্স।

চলতি বছরের আইপিএলের আগে টম মুডির জায়গায় ব্রায়ান লারাকে হেড কোচ করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। যদিও দশ দলের আইপিএলে লারার প্রশিক্ষণাধীন অরেঞ্জ আর্মি দশম স্থানে থেকে অভিযান শেষ করে। ১৪টি ম্যাচের মধ্যে জেতে মাত্র চারটিতে, পরাজয় ১০টিতে।
লারার চাকরি যাওয়ায় গত ছয় মরশুমে এই নিয়ে পঞ্চম কেউ হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজির কোচের পদে বসলেন। ২০১৯ সালে টম মুডি হেড কোচের দায়িত্ব পেয়েছিলেন। ২০২০ ও ২০২১ সালে ট্রেভর বেলিসকে হেড কোচ করা হয়। ২০২২ সালের আইপিএলের আগে ফের মুডিকেই হেড কোচ করে সানরাইজার্স। মুডির স্থলাভিষিক্ত হয়েছিলেন লারা। এক মরশুম পরই তাঁর চাকরি গেল।

আইপিএলে সানরাইজার্স টানা তিনটি মরশুম ধরে চরম ব্যর্থ। শেষবার তারা আইপিএলের প্লে-অফে পৌঁছেছে ২০২০ সালে। এই মুহূর্তে ভেত্তোরি রয়েছেন ইংল্যান্ডে। সেখানে দ্য হান্ড্রেডে বার্মিংহ্যাম ফিনিক্সের পুরুষ দলের হেড কোচ ভেত্তোরি। ২০২২ সাল থেকে তিনি অস্ট্রেলিয়া দলের সঙ্গেও যুক্ত। তার আগে বাংলাদেশ দলের স্পিন বোলিং পরামর্শদাতার ভূমিকাও পালন করেছেন।
আরসিবিকে চ্যাম্পিয়ন করাতে না পারলেও হেড কোচ হিসেবে বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিতে ভেত্তোরির ট্র্যাক রেকর্ড খারাপ নয়। তাঁর প্রশিক্ষণে ২০১৫ সালে আইপিএলের প্লে-অফে উঠেছিল আরসিবি। ২০১৬ সালে আইপিএল ফাইনালও খেলে। সেবার সানরাইজার্স হায়দারাবাদ ফাইনালে আরসিবিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর সানরাইজার্স আর কাপ জিততে পারেনি। নতুন কোচের হাত ধরেই তাই স্বপ্ন দেখবে নিজামের শহর।












Click it and Unblock the Notifications