ICC World Cup 2023: 'পাকিস্তান জিন্দাবাদ' ধ্বনিতে বাধা পুলিশের! পাক সমর্থকের ক্ষোভ, জোর বিতর্ক বেঙ্গালুরুতে
ICC World Cup 2023: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচে তুঙ্গে বিতর্ক। আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারি মুখরিত হয়েছিল জয় শ্রীরাম ধ্বনিতে। ডিজের ভূমিকায় ক্ষোভ জানায় পাকিস্তান।
ডিজে কেন দিল দিল পাকিস্তান গান বাজাল না তা নিয়ে প্রশ্ন তোলেন টিম ডিরেক্টর মিকি আর্থার। এবার বেঙ্গালুরুর গ্যালারিতে পাকিস্তানের এক সমর্থককে পুলিশ পাকিস্তান জিন্দাবাদ বলতে বাধা দিয়েছেন বলে অভিযোগ। যা ঘিরে তুঙ্গে বিতর্ক।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন পুলিশকর্মী পাকিস্তানের ক্রিকেট সমর্থককে কিছু বোঝানোর চেষ্টা করছেন। পাকিস্তানের সমর্থক বলছেন, আমি পাকিস্তান থেকে বিশ্বকাপ দেখতে এসেছি। আমি পাকিস্তান জিন্দাবাদ কেন বলতে পারব না? পুলিশকর্মী যদিও তাঁকে ওই স্লোগান দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানান।
পাকিস্তানের ওই সমর্থক বলেন, আমেদাবাদে তো এমন পরিস্থিতি ছিল না। কিন্তু তাতেও পুলিশকর্মী নিজের অবস্থানে অনড় থাকেন। আরও এক ব্যক্তিকে দেখা যায় পাকিস্তানের সমর্থককে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দেওয়া থেকে বিরত রাখার জন্য।

ওই পাক সমর্থক হতাশ ও বিরক্তি নিয়ে জানতে চান, স্টেডিয়ামে ভারতমাতা কি জয় বলা গেলে কেন পাকিস্তানের খেলার মাঠে পাকিস্তান দলকে উৎসাহিত করার জন্য পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া যাবে না? কী বলতে হবে সেটাও জানতে চান।
It's shocking and upsetting to see that people are being stopped from cheering "Pakistan Zindabad" at the game.
— Momin Saqib (@mominsaqib) October 20, 2023
This totally goes against what the sport is about!#CWC23 #PAKvsAUS #AUSvsPAK pic.twitter.com/iVnyFlNB09
ওই পাক সমর্থক এরপর পুলিশকর্মীকে বলেন, আপনি তাহলে বলুন পাকিস্তান জিন্দাবাদ কথা বলা যাবে না। আমি তার ভিডিও তুলে রাখছি। যদিও তখনই ওই পুলিশকর্মী সরে যান। এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। পাকিস্তানের অনেকেই টুইটে লেখেন, এই ধরনের ঘটনা মোটেই প্রত্যাশিত নয়।
যদিও অনেকেই আবার পাল্টা লিখেছেন, পুলিশকর্মী ঠিক কাজই করেছেন। কেন না, অস্ট্রেলিয়ার সঙ্গে পাকিস্তানের ম্য়াচ হলেও ভারতীয় ক্রিকেটপ্রেমীরাই রয়েছেন বেশি সংখ্যায়। ফলে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিলে অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ফলে তা থামাতে বলে শান্তিরক্ষার দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মী সঠিক কাজই করেছেন।
আজ মাঠে উপস্থিত রয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। তারই মধ্যে স্লোগান বিতর্কে নেটপাড়া দুই ভাগে বিভক্ত। হায়দরাবাদে দর্শকদের আচরণের প্রশংসা করেছিলেন পাকিস্তান ক্রিকেটাররা। কিন্তু আজকের ঘটনার জল কত দূর গড়ায় সেটাই দেখার।
এদিকে, জয়ের জন্য ৩৬৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪০ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৫ উইকেটে ২৭২ রান।












Click it and Unblock the Notifications