CT Stats: রোহিত ওডিআই ফরম্যাটে বিরাটের চেয়ে ফাইনাল খেলেছেন বেশিবার, তবে নেই শতরান
CT Stats: রোহিত শর্মা অধিনায়ক হিসেবে রবিবার দ্বিতীয় আইসিসি ট্রফি দখলে নিতে চাইবেন। গত বছর টি২০ বিশ্বকাপের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি।
রোহিত শর্মা ওডিআই ফরম্যাটে বিরাট কোহলির চেয়ে বেশিবার ফাইনাল খেলেছেন। ট্র্যাক রেকর্ডও তুলনায় ভালো। কিন্তু হিটম্যান ফাইনালে হাঁকাতে পারেননি শতরান।

রোহিত ওডিআই ফরম্যাটে ২০০৮ সালে প্রথমবার ফাইনাল খেলেন। সিডনিতে কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজের প্রথম ফাইনালে। সেই ম্যাচে ভারত ২৫ বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। রোহিত শর্মা পাঁচে নেমে করেন ৮৭ বলে ৬৬। বোল্ড হন জেমস হোপসের বলে।
ওই সিরিজেরই দ্বিতীয় ফাইনালে ভারত অজিদের হারায় ৯ রানে, চ্যাম্পিয়নও হয়। ব্রিসবেনের সেই ফাইনালে ছয়ে নেমে ৫ বলে ২ রান করে মাইকেল ক্লার্কের বলে অ্যান্ড্রু সাইমন্ডসের হাতে ক্যাচ দেন।
২০০৮ সালে মীরপুরে কিটপ্লাই কাপের ফাইনালে ভারত ২৫ রানে হেরেছিল পাকিস্তানের কাছে। রোহিত শর্মা তিনে নেমে ২৭ বলে ২৪ রান করেন। উমর গুলের বলে ক্যাচ দেন পরিবর্ত ফিল্ডার নাসির জামশেদের হাতে।
২০১০ সালে ডামবুলায় এশিয়া কাপের ফাইনালে ভারত ৮১ রানে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। পাঁচে নেমে রোহিত করেন৫২ বলে ৪১। নুয়ান কুলসেকরার বলে ক্যাচ দেন ফারভিজ মাহরুফের হাতে।
ওই বছরই ডামবুলায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ৭৪ রানে হারায় ভারতকে। রোহিত সাতে নেমে ৯ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন। সুরজ রণদিভের বলে কট বিহাইন্ড হন।
২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বার্মিংহ্যামে ভারত ৫ রানে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। ওপেন করতে নেমে রোহিত স্টুয়ার্ট ব্রডের বলে বোল্ড হয়েছিলেন ১৪ বলে ৯ রান করে।
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়ন হয় ভারতকে ১৮০ রানে হারিয়ে। রোহিত ওভালের সেই ফাইনালে ওপেন করতে নেমে তিন বলে শূন্য রানে সাজঘরে ফেরেন। মহম্মদ আমিরের বলে লেগ বিফোর হয়ে।
২০১৮ সালে রোহিতের নেতৃত্বে ভারত এশিয়া কাপ জিতেছিল। দুবাইয়ে ফাইনালে শেষ বলে তিন উইকেটে বাংলাদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে। রোহিত ওপেন করতে নেমে তিনটি করে চার ও ছয় মেরে ৫৫ বলে ৪৮ রান করেন। রুবেল হোসেনের বলে নাজমুল ইসলাম রোহিতের ক্যাচ ধরেছিলেন।
২০২৩ সালে কলম্বোয় এশিয়া কাপের ফাইনালে রোহিতের ভারত ২৬৩ বল বাকি থাককে ১০ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। টার্গেট ছিল ৫১ রানের। রোহিত ব্যাট করতে নামেননি। ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে আমেদাবাদে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। রোহিত করেন ৩১ বলে ৪৭। গ্লেন ম্যাক্সওয়েলের বলে রোহিতের ক্যাচ ধরেছিলেন ট্রাভিস হেড।












Click it and Unblock the Notifications