Champions Trophy 2025: বাজপাখির মতো দেখতে হবে বল! বাঙ্গারের পরামর্শে কীভাবে ফর্মে কোহলি?
Champions Trophy 2025: বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত শতরান হাঁকিয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। স্বস্তিতে ভারতীয় দল, সমর্থকরাও।
ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের দাবি, অস্ট্রেলিয়া সফরের পর ব্যাটিং টেকনিক ও মানসিক প্রস্তুতিতে রদবদল ঘটিয়েছেন বিরাট। ফর্মে ফেরাতে সেটাই ইতিবাচক হয়েছে, ইঙ্গিত বাঙ্গারের।

বিরাট ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলার আগে রঞ্জি ম্যাচ খেলেছিলেন দিল্লির হয়ে। রান পাননি। তবে তারও আগে মুম্বইয়ের কাছে বিরাটকে দেখা গিয়েছিল সঞ্জয় বাঙ্গারের তত্ত্বাবধানে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করতে।
পারথে বিরাট টেস্ট শতরান পেয়েছিলেন দ্বিতীয় ইনিংসে। কিন্তু সেটি বাদে বিরাট কোহলির ব্যর্থতা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওডিআইয়ে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে কিছুটা স্বস্তি দেন। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে পান ৫১তম ওডিআই শতরান।
বাঙ্গার স্টার স্পোর্টসে বলেন, বিরাট বল আসার জন্য অপেক্ষা করেছেন। সব সময় ফ্রন্টফুটে যাননি। স্পিনারদের বিরুদ্ধে প্রথমে বেশি খেলেছেন ব্যাকফুটেই। পরে যখন আত্মবিশ্বাস পেয়ে গেলেন, তখন ফ্রন্টফুটে এসেছেন। ফলে ব্যাকফুটে শুরু করে ফ্রন্টফুটে আসাটাই ছিল প্ল্যান।
বাঙ্গারের কথায়, ফর্মে থাকার সময় বিরাট অনেক বেশি নিয়ন্ত্রিত শট খেলেন। প্রস্তুতির ক্ষেত্রে খামতি রাখতে চান না একেবারেই। অস্ট্রেলিয়া সফরের পর তাঁকে ঘুরে দাঁড়াতেই হতো। সেই তাগিদ, ইচ্ছাশক্তিটাই ধরা পড়েছে তাঁর খেলায়। এমনকী তা প্রতিফলিত হয়েছে বডি ল্যাঙ্গুয়েজেও।
বাঙ্গার আরও বলেছেন, বিরাট বলের জন্য শেষ মুহূর্ত অপেক্ষা করছেন। ব্যাটে লাগা অবধি সতর্ক থাকছেন। আমাদের মধ্যে আলোচনার সময় বলেছিলাম, বাজপাখির মতো বলের দিকে নজর রাখতে হবে। ১০০ শতাংশের বেশি দিতে হবে বল সামলানোর ক্ষেত্রে। বিরাটের মধ্যে রানের খিদে এখনও রয়েছে। যেভাবে তিনি পাকিস্তানের বিরুদ্ধে খেলেছেন তাতে আরও ৩-৪ বছর কোহলি হেসেখেলে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন বলে বিশ্বাস বাঙ্গারের।












Click it and Unblock the Notifications