CT 2025, NZ vs SA: নিউজিল্যান্ড টস জিতে প্রথমে ব্যাটিং নিল, দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন বাভুমা
CT 2025, NZ vs SA: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রবিবার ভারতের প্রতিপক্ষ নির্ধারিত হয়ে যাবে আজ। লাহোরে সেমিফাইনালে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজেয়। নিউজিল্যান্ড হেরেছে শুধু ভারতের কাছে। দুই দলের শেষ সাক্ষাতে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে প্রোটিয়াদের হারিয়েছিল কিউয়িরা।

লাহোরের এই মাঠেই ইংল্যান্ডের দেওয়া ৩৫২ রানের টার্গেট তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। আফগানিস্তান ৭ উইকেটে ৩২৫ তুলে ইংল্যান্ডকে হারিয়েছিল ৮ রানে। লাহোরে আজই শেষ ম্যাচ। কারণ, ভারত ফাইনালে ওঠায় ফাইনাল হবে দুবাইয়ে।
আজকের ম্যাচটিও হাই স্কোরিং হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দলের পারস্পরিক দ্বৈরথে ওডিআইয়ে ৪২টি ম্যাচে জিতেছে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের জয় ২৬টিতে। ২০১৭ সালের পর এই দুই দেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। এই সময়কালে ৫০ ওভারের বিশ্বকাপের দ্বৈরথের ফল ১-১।
টস জিতে ব্যাটিং নিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, এই উইকেট আগে ব্যবহৃত হয়েছে। তবে ভালো উইকেট। হাওয়া দিচ্ছে, শিশির পড়ার সম্ভাবনা দেখছেন না স্যান্টনার। প্রথম আইসিসি ইভেন্টে নেতৃত্ব দিয়ে দলকে ফাইনালে তোলার হাতছানি তাঁর সামনে।
নিউজিল্যান্ড পাকিস্তানে টানা খেলার ফাঁকে গিয়েছিল দুবাইয়ে। কিছুটা অপরিচিত পরিবেশ থেকে ফেরা চেনা জায়গায়। দক্ষিণ আফ্রিকার উপর চাপ তৈরিই লক্ষ্য। একাদশে কোনও পরিবর্তন নেই।
দক্ষিণ আফ্রিকা দলে একটিই পরিবর্তন। অসুস্থতা কাটিয়ে দলে ফিরলেন অধিনায়ক তেম্বা বাভুমা। স্যান্টনারের কাছে নিশ্চিতও হয়ে নিলেন নিউজিল্যান্ড প্রথমে কী করবে সে ব্যাপারে। টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন বলেই জানালেন। তবে সে সব নিয়ে না ভেবে ভালো খেলাই লক্ষ্য।
দক্ষিণ আফ্রিকা- তেম্বা বাভুমা (অধিনায়ক), রায়ান রিকেলটন, রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি।
নিউজিল্যান্ড- উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইলিয়াম ও'রোর্ক।












Click it and Unblock the Notifications