CT 2025, ENG vs SA: ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতা চরমে, গুটিয়ে গেল ৩৮.২ ওভারেই! দক্ষিণ আফ্রিকার জিততে চাই ১৮০
CT 2025, ENG vs SA: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারের হ্যাটট্রিকের আশঙ্কা ইংল্যান্ড শিবিরে। আজ করাচিতে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন এই ম্যাচে শেষবার ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া জস বাটলার।
ইংল্যান্ড আগেই ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে। আজ প্রোটিয়াদের বিরুদ্ধে সান্ত্বনার জয় দিয়ে ইংল্যান্ড অধিনায়ক হিসেবে ইনিংস শেষ করা লক্ষ্য বাটলারের। কিন্তু সেই সম্ভাবনা ক্ষীণ ব্যাটারদের ব্যর্থতায়।

প্রথম ওভার থেকে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। প্রথম পাওয়ারপ্লে-তে ১০ ওভারের শেষে স্কোর ছিল ৩ উইকেটে ৬২। ফিল সল্ট ৬ বলে ৮, জেমি স্মিথ ৩ বলে ০ ও বেন ডাকেট ২১ বলে ২৪ রানে আউট হন। এরপর হ্যারি ব্রুক ও জো রুট কিছুটা প্রতিরোধ গড়েন।
তাঁরা চার বলের ব্যবধানে আউট হতেই ধস নামে। হ্যারি ব্রুক ২৯ বলে ১৯ ও জো রুট ৪৪ বলে ৩৭ রান করেন। ১৬.৫ ওভারে ৯৯ রানে পড়েছিল চতুর্থ উইকেট। সেখান থেকে ২৫.৩ ওভারের শেষে স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১২৯।
লিয়াম লিভিংস্টোন ১৫ বলে ৯, জেমি ওভার্টন ২০ বলে ১১ রান করেন। ১৭১ রানে অষ্টম ও ১৭৩ রানে পড়ে নবম উইকেট। জোফ্রা আর্চার ৩১ বলে ২৫ ও জস বাটলার ৪৩ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন। শেষ অবধি ৩৮.২ ওভারে মাত্র ১৭৯ রানে অল-আউট ইংল্যান্ড। ১০ বলে ৫ রানে অপরাজিত থাকেন সাকিব মাহমুদ।
আদিল রশিদ ৯ বলে ২ রান করে উইয়ান মুল্ডারের তৃতীয় শিকার হলেন। মুল্ডার ৭.২ ওভারে ২৫ রান খরচ করে নিলেন তিন উইকেট। মার্কো জানসেন ৭ ওভারে ৩৯ রান খরচ করে পেলেন তিন উইকেট। ১টি মেডেন-সহ ১০ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট কেশব মহারাজের। লুঙ্গি এনগিডি ৭ ওভারে ৩৩ ও কাগিসো রাবাডা ১টি মেডেন-সহ ৭ ওভারে ৪২ রান দিয়ে ১টি করে উইকেট পেলেন।












Click it and Unblock the Notifications