CT 2025, IND vs BAN: শামির ঈর্ষণীয় নজির আইসিসি ইভেন্টে, বিরাট ছুঁলেন আজহারকে
CT 2025, IND vs BAN: চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেরিয়ারের প্রথম ম্যাচ স্মরণীয় করে রাখলেন মহম্মদ শামি। আজ তিনি বাংলাদেশের বিরুদ্ধে পেলেন পাঁচটি উইকেট।
১০৪তম ম্যাচে ১০৩তম ইনিংসে এই নিয়ে ষষ্ঠবার তিনি ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিলেন। দুশোতম ওডিআই শিকার ঝুলিতে পোরার পাশাপাশি আইসিসি ইভেন্টে গড়লেন ঈর্ষণীয় নজির।

শামি আজ ১০ ওভার হাত ঘুরিয়ে ৫৩ রানের বিনিময়ে পাঁচ উইকেট নিলেন। প্রথম ওভারেই আউট করেছিলেব সৌম্য সরকারকে। এরপর শামি ফেরান মেহিদি হাসান মিরাজ, জাকের আলি, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদকে।
আজকের ম্যাচে শামির ওডিআই শিকারের সংখ্যা বেড়ে হলো ২০২। জাকের আলি একদিনের আন্তর্জাতিকে শামির ২০০তম শিকার। একদিনের আন্তর্জাতিকে শামি ২০০তম উইকেটটি পেলেন ১০৪তম ম্যাচ খেলতে নেমে। পাকিস্তানের সাকলিন মুস্তাকেরও লেগেছিল ১০৪টি ম্যাচ।
অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ওডিআইয়ে ২০০তম শিকার দখলে নিয়েছিলেন ১০২তম ম্যাচ খেলতে নেমে। তবে বলের নিরিখে ২০০তম উইকেট শামি পেলেন দ্রুততম হিসেবেই। স্টার্কের লেগেছিল ৫২৪০টি বল। শামি ২০০তম উইকেটটি পেলেন ৫১২৬তম বলের মাথায়।
আইসিসির ওডিআই ইভেন্টে সফলতম ভারতীয় বোলারের রেকর্ডটি এদিনই জাহির খানের থেকে ছিনিয়ে নিলেন শামি। শামি ৫০ ওভারের বিশ্বকাপে ১৮টি ম্যাচে ৫৫টি উইকেট পেয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচেই দখলে নিলেন পাঁচ উইকেট।
ফলে ওডিআই ফরম্যাটে আইসিসি ইভেন্টে শামির মোট উইকেটসংখ্যা ১৯ ম্যাচে ৬০টি। জাহির খানের রয়েছে ৩২ ম্যাচে ৫৯ উইকেট। জাভাগল শ্রীনাথ রয়েছেন তিনে, ৩৭ ম্যাচে ৪৭ উইকেট নিয়ে। রবীন্দ্র জাদেজার ৩২ ম্যাচে ৪৩টি ও জসপ্রীত বুমরাহর ২৫ ম্যাচে ৪২ উইকেট রয়েছে। কুম্বলেরও ৪২টি উইকেট আছে ২৮টি ম্যাচে।
এদিকে, ভারতীয় ফিল্ডার হিসেবে ওডিআইয়ে সর্বাধিক ক্যাচ ধরার রেকর্ডটি আজকের আগে অবধি ছিল মহম্মদ আজহারউদ্দিনের দখলে। তিনি ৩৩৪ ম্যাচে ১৫৬টি ক্যাচ ধরেছেন। ২৯৮তম ম্যাচে আজ কোহলিরও ওডিআইয়ে ক্যাচের সংখ্যা হলো ১৫৬। আজ দুটি ক্যাচ ধরেন বিরাট। ওডিআইয়ে সবচেয়ে বেশি ক্যাচ ধরেছেন মাহেলা জয়বর্ধনে (২১৮টি)। তাঁর পরেই আছেন রিকি পন্টিং (১৬০)। কোহলি ও আজহার যুগ্ম তৃতীয় স্থানে।












Click it and Unblock the Notifications