CT 2025: বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফি! ফের ইংল্যান্ডকে হারাল আফগানিস্তান, রুটের শতরানেও ভরাডুবি বাটলারদের
CT 2025: শেষ পাঁচ ওভারে দরকার ছিল ৪৮, হাতে ৪ উইকেট। এরপর সমীকরণ দাঁড়ায় ২৪ বলে ৩৫, ১৮ বলে ২৫, ১২ বলে ১৬। সেই ম্যাচও জিততে পারল না বাজবলে পরিচিত ইংল্যান্ড।
২০২৩ সালের বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও স্মরণীয় জয় ছিনিয়ে নিয়ে সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখল আফগানিস্তান। অস্ট্রেলিয়াকে হারালেই শেষ চারে যেতে পারবেন রশিদ খানরা। যে আফগানিস্তান ইংল্যান্ডকে ছিটকে দিল, তার কোচ ইংল্যান্ডেরই প্রাক্তনী জনাথন ট্রট।

ইংল্যান্ডের টার্গেট ছিল ৩২৬। শেষ ওভারে দরকার ছিল ১৩। শেষ অবধি আফগানিস্তান ম্যাচ জিতে নিল ৮ রানে। এদিনও ব্যাটিংই ডোবাল ব্রেন্ডন ম্যাকালামের প্রশিক্ষণাধীন থ্রি লায়ন্সকে। পাঁচ উইকেট দখল করলেন আজমাতুল্লাহ ওমরজাই। ৪৯.৫ ওভারে ৩১৭ রানেই শেষ ইংল্যান্ড।
জো রুট এদিন ওডিআই কেরিয়ারের ১৭তম শতরান হাঁকান। ২০১৯ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান পেয়েছিলেন। তারপর ৩৭তম ওডিআই ইনিংসে ফের শতরান রুটের ব্যাটে। ২০২৩ সালের বিশ্বকাপের পর রুট ভারতের বিরুদ্ধে সিরিজে প্রথম ওডিআই খেলতে নামেন।
ভারতের বিরুদ্ধে তিনটি ওডিআইয়ে রুট করেন যথাক্রমে ১৯, ৬৯ এ ২৪। লাহোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৮ রান করেছিলেন। এদিন শতরান পূর্ণ করেন ৯৮ বল খেলে। চারে নেমে রুট করলেন ১১১ বলে ১২০ রান। মেরেছেন ১১টি চার ও ১টি ছয়। কট বিহাইন্ড হন আজমাতুল্লাহ ওমরজাইয়ের বলে।
ফিল সল্ট ১২, বেন ডাকেট ৩৮, জেমি স্মিথ ৯, হ্যারি ব্রুক ২৫, অধিনায়র জস বাটলার ৩৮, লিয়াম লিভিংস্টোন ১০, জেমি ওভার্টন ৩২, জোফ্রা আর্চার ১৪ ও আদিল রশিদ ৫ রান করেন। ২ রানে অপরাজিত থাকেন মার্ক উড।
ওমরজাই ৯.৫ ওভারে ৫৮ রান খরচ করে নিলেন ৫ উইকেট। মহম্মদ নবি নেন ২ উইকেট। একটি করে উইকেট পেলেন ফজলহক ফারুকি, রশিদ খান ও গুলবদিন নঈব।
এর আগে এদিন টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৫ রান তোলে। ওপেনার ইব্রাহিম জাদরান ১২টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ১৪৬ বলে ১৭৭ রান করেন। যা টুর্নামেন্টের ইতিহাসে কোনও ম্যাচে ব্যক্তিগত সর্বাধিক স্কোর।
আফগানিস্তানের প্রথম ব্যাটার হিসেবে জাদরান চ্যাম্পিয়ন্স ট্রফিতে শতরান পেলেন। আজমাতুল্লাহ ওমরজাই ৪১, অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি ও মহম্মদ নবি দুজনেই ৪০ রান করেন। জোফ্রা আর্চার তিনটি, লিয়াম লিভিংস্টোন ২টি এবং জেমি ওভার্টন ও আদিল রশিদ একটি করে উইকেট পেলেন।












Click it and Unblock the Notifications