CT 2025: ৩৬২/৬! রবীন্দ্র ও উইলিয়ামসনের শতরানে রেকর্ড গড়ল নিউজিল্যান্ড, প্রবল চাপে দক্ষিণ আফ্রিকা
CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে হলে রেকর্ড রান তাড়া করে জিততে হবে দক্ষিণ আফ্রিকাকে। আজ লাহোরে প্রোটিয়াদের সামনে ৩৬৩ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ৩৫২ রানের টার্গেটে পৌঁছে ইংল্যান্ডকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। অজিদের সেই কীর্তি গুঁড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দলগত সর্বাধিক রানের নজির কিউয়িদের।

নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার টস জিতে ব্যাটিং নিয়েছিলেন। নিউজিল্যান্ড তুলল ৬ উইকেটে ৩৬২। প্রথম পাওয়ারপ্লে-তে ওঠে ১ উইকেটে ৫৬। ১০.১ থেকে ৪০ ওভারে ওঠে ১৯৬ রান, ২ উইকেটের বিনিময়ে। শেষ ১০ ওভারে এলো ১১০ রান, তিন উইকেটের বিনিময়ে।
দ্বিতীয় উইকেট জুটিতে ১৬৪ রানের রেকর্ড পার্টনারশিপ গড়েন কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র। রবীন্দ্র ১৩টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১০১ বলে ১০৮ রান করেন। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটি তাঁর দ্বিতীয় শতরান। তাঁর কেরিয়ারের পাঁচটি ওডিআই শতরানই আইসিসি ইভেন্টে।
কেন উইলিয়ামসন এই নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা তিনটি ওডিআইয়ে শতরান পেলেন। এদিন তিনি করলেন ৯৪ বলে ১০২। মেরেছেন ১০টি চার ও ২টি ছয়। গ্লেন ফিলিপস ২৭ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। ড্যারিল মিচেল করেন ৩৭ বলে ৪৯।
উইল ইয়ং ২৩ বলে ২১, টম লাথাম ৫ বলে ৪,মাইকেল ব্রেসওয়েল ১২ বলে ১৬ রান করেন। অধিনায়ক মিচেল স্যান্টনার ১ বলে ২ রানে অপরাজিত থাকেন। শেষ পাঁচ ওভারে কিউয়িরা ২ উইকেট খুইয়ে ৬৬ রান তোলে।
এবারের টুর্নামেন্টে অপরাজেয় রয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু তেম্বা বাভুমার দল পড়ে গেল প্রবল চাপে। লুঙ্গি এনগিডি ১০ ওভারে ৭২ রান দিয়ে তিনটি উইকেট পান। ১টি মেডেন-সহ ১০ ওভারে ৭০ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন কাগিসো রাবাডা।
উইয়ান মুল্ডার চোট পাওয়ায় কিছুটা সমস্যায় পড়ে প্রোটিয়ারা। তিনি ৬ ওভারে ৪৮ রান দিয়ে এক উইকেট পান। মার্কো জানসেন ১০ ওভারে ৭৯, কেশব মহারাজ ১০ ওভারে ৬৫ ও এইডেন মার্করাম ৪ ওভারে ২৩ রান দেন, উইকেট পাননি।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩৫২ রানের টার্গেটে পৌঁছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে তুলেছিল ৫ উইকেটে ৩৫৬। সেই রান টপকে নয়া কীর্তি গড়ল কিউয়িরা।












Click it and Unblock the Notifications