CT 2025: সেমিফাইনালে আছে রিজার্ভ ডে, তাতেও খেলা না হলে কারা কীভাবে যাবে ফাইনালে? নজরে পিচ
CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কাল দুবাইয়ে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ। বুধবার লাহোরে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।
সেমিফাইনালের জন্য় রাখা আছে রিজার্ভ ডে। বৃষ্টিতে যদি খেলা না করা যায় তাহলে দুই দল কীভাবে ফাইনালে যাবে তার জন্য নির্ধারিত রয়েছে নিয়ম।

আজ ভারতীয় দল অনুশীলন করেনি। সন্ধ্যায় অনুশীলন করেছে অস্ট্রেলিয়া। ভারতীয় দল দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কোন পিচে খেলা হবে তা সচক্ষে দেখবে আগামীকাল। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ আজ পিচ দেখেছেন।
এই স্টেডিয়ামে ভারতের তিনটি ম্যাচই হয়েছে আলাদা পিচে। ব্যতিক্রম হচ্ছে না সেমিফাইনালও। ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, কালকের সেমিফাইনাল যে উইকেটে খেলা হবে সেটি নতুন। আগে এই পিচে কোনও খেলা হয়নি। তবে উইকেট শুষ্ক। মন্থর উইকেট স্পিনারদেরই সহায়তা করবে বলে জানিয়েছেন স্মিথ।
এই স্টেডিয়ামের পিচগুলি রয়েছে আইসিসিরই তত্ত্বাবধানে। পিচ তৈরির দায়িত্বে রয়েছেন অস্ট্রেলিয়ান কিউরেটর ম্যাথু সান্ডেরি। তিনি ডিআইসিএসের পাশাপাশি আইসিসি আকাদেমির পিচ তৈরির দায়িত্বে।
দুবাইয়ে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। তবু প্রশ্ন উঠতেই পারে, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বৃষ্টি হলে কী হবে? নিয়ম হচ্ছে, দুটি সেমিফাইনালের জন্যই রয়েছে রিজার্ভ ডে। নির্ধারিত দিনে খেলা শেষ করা না গেলে যেখানে খেলা স্থগিত থাকবে, রিজার্ভ ডে-তে সেখান থেকেই শুরু হবে।
তবে দু-দিনেও যদি ম্যাচ শেষ করা না যায় তাহলে দেখা হবে নেট রান রেট। যাদের নেট রান রেট গ্রুপ পর্বে ভালো ছিল, তারাই যাবে ফাইনালে। সেক্ষেত্রে সুবিধাজনক জায়গায় রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারতের নেট রান রেট ০.৭১৫। দক্ষিণ আফ্রিকার ২.৩৯৫।
নিউজিল্যান্ডের নেট রান রেট ০.২৬৭। অস্ট্রেলিয়ার ০.৪৭৫। ফলে দুটি সেমিফাইনালই প্রাকৃতিক কারণে পরিত্যক্ত হয়ে গেলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বিদায় নেবে। উল্লেখ্য, ২০০৯ সালে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল কিউয়িদের হারিয়েই।












Click it and Unblock the Notifications