CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির উপর চাপ বাড়াচ্ছে পিসিবি, অন্য বোর্ডগুলিকে পাশে পেতেও মরিয়া
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি ১০০ দিন দূরে। তাই পিসিবি চেয়েছিল, আজই চ্য়াম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করুক পিসিবি। যদিও সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে।
পরিস্থিতি অন্য় মাত্রা নিয়েছে বিসিসিআই পাকিস্তানে ভারতীয় দল না পাঠানোর সিদ্ধান্ত জানাতেই। বিসিসিআই জানিয়েছে আইসিসিকে। আইসিসি পিসিবিকে। তাতেই জলঘোলা শুরু হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড গোটা পরিস্থিতি জানিয়েছে পাক সরকারকে। ইসলামাবাদের নির্দেশ, পাকিস্তান ক্রিকেট বোর্ড যেন হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব মেনে না নেয়। এই পরিস্থিতিতে আদৌ টুর্নামেন্ট ঘিরেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
জিও নিউজের প্রতিবেদনে পিসিবি সূত্রকে উল্লেখ করে জানানো হয়েছে, দিন দুয়েকের মধ্যেই আইসিসিকে চিঠি পাঠাতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সরকারের নির্দেশ মেনেই। ভারত কী কারণে পাকিস্তানে খেলতে যাবে না তা লিখিতভাবে জানানোর জন্য আইসিসির উপর চাপ তৈরির চেষ্টা চলছে।
আইনজ্ঞদের পরামর্শ নিয়েই এই চিঠি পাঠানো হচ্ছে। উল্লেখ্য, বিসিসিআইয়ের তরফে আইসিসিকে মৌখিকভাবে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনেই দল পাঠানো হবে না পাকিস্তানে। আইসিসি তা লিখিতভাবে জানিয়েছিল পিসিবিকে। পিসিবি বিসিসিআইয়ের কাছ থেকে লিখত বক্তব্য পেতে মরিয়া।
২০২৩ সালে বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান। তবে ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি। সেবার ভারতের ম্যাচ-সহ বেশিরভাগ খেলাই হয়েছিল শ্রীলঙ্কায়। এবার ভারত যে পাকিস্তানে যাবে না তা আগেই জানা গিয়েছিল। আইসিসি সংযুক্ত আরব আমিরশাহীতে ভারতের খেলা ফেলতে প্রস্তুত ছিল বলেও জানা যায়।
তবে পাকিস্তান মুখরক্ষা করতেই হাইব্রিড মডেলে রাজি হচ্ছে না। পিসিবি সূত্রে খবর, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী অন্য দেশের বোর্ডগুলিকেও গোটা পরিস্থিতি জানিয়ে তাদের পাশে পেতে চাইছেন মহসীন নাকভিরা। পিসিবি যুক্তি দেবে, নিরাপত্তার কারণেই যদি পাকিস্তানে ভারত দল না পাঠায়, তাহলে বাকিরা পাঠাচ্ছে কী করে?
পাকিস্তান আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলির কাছে এমন বার্তাও দিতে চাইছে যে, খেলাধুলোর বিষয় স্বাভাবিক রাখতে দ্বিপাক্ষিক সম্পর্কে ইসলামাবাদ আন্তরিক। কিন্তু ভারতই খেলাধুলোর ক্ষেত্রে রাজনীতিকে যুক্ত করছে। যদিও পাকিস্তানের এই বার্তা আদৌ বাকিরা কতটা গ্রহণ করবে তা নিয়ে অনিশ্চয়তা থাকছে। বিশ্ব ক্রিকেটে বিসিসিআইয়ের যে দাপট তাতে আদৌ কতগুলি ক্রিকেট বোর্ড পিসিবির পাশে দাঁড়াবে তাও যথেষ্ট সংশয়ের ব্যাপার। তবে শেষ অবধি জট কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি হয় কিনা সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে।












Click it and Unblock the Notifications