CT 2025: রাওয়ালপিন্ডিতে রেইনি ডে! পাকিস্তান ও বাংলাদেশ পেল সান্ত্বনা, ব্যর্থতার কারণ খোলসা আজহারের
CT 2025: রাওয়ালপিন্ডির বৃষ্টিতে ফের ধুয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। এবার পাকিস্তান বনাম বাংলাদেশ দ্বৈরথ। দুই দলই আগেই ছিটকে গিয়েছিল।
ফলে এই ম্যাচটি ছিল নিয়মরক্ষার। শেষ ম্য়াচে জিতে কিছুটা মুখরক্ষার সুযোগ ছিল দুই দলের সামনেই। কিন্তু খেলতেই হলো না রাওয়ালপিন্ডির রেইনি ডে-তে। ছুটির মেজাজে থাকা দুই দলেরই পয়েন্ট ভাগাভাগিতে সঙ্গী হলো সান্ত্বনা।

আজ ম্যাচ শুরুর আগে থেকেই বোঝা যাচ্ছিল খেলা হওয়া নিয়ে সংশয় রয়েছে। কেন না, দুই দল যখন স্টেডিয়ামে পৌঁছয় তখনই আকাশে ঘন কালো মেঘ। বৃষ্টি নামব, নামব করছে। উইকেট, বোলারদের রান আপ-সহ মাঠের কিছুটা জায়গা ঢাকা ছিল।
এরপর বৃষ্টি নামায় টস পর্যন্ত করা যায়নি। সকলেরই চোখ তখন আকাশের দিকে। এর মধ্যেই মুষলধারায় বৃষ্টি চলতে থাকা মাঠ কার্যত খাটালে পরিণত হয়। আউটফিল্ডে এতটাই জল দাঁড়িয়ে যায় যে স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটের সময়ই জানিয়ে দেওয়া হয় ম্যাচ পরিত্যক্ত।
এই ম্যাচটি না হওয়ায় পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে কোনও একটি দলকে হারের হ্যাটট্রিকের শোচনীয় লজ্জা নিয়ে ফিরতে হলো না। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে কেন মাঠ ঢাকার পর্যাপ্ত ব্যবস্থা রাওয়ালপিন্ডিতে নেই তা নিয়ে প্রশ্ন জোরালো হলো। যা অস্বস্তি বাড়াল পিসিবির। আজ যা পরিস্থিতি ছিল তাতে বৃষ্টি থামলেও ম্য়াচ করানো যেত না।
এদিকে, পাকিস্তানের সহকারী কোচ আজহার মাহমুদ বলেন, আমরা এই টুর্নামেন্টে ভালো খেলিনি। এই ফরম্যাটে ভালো খেলা সত্ত্বেও এই টুর্নামেন্টে বড় সমস্যার কারণ হলো চোট। ভারতের বিরুদ্ধে ম্যাচেও আমরা নিজেরাই নিজেদের উপর চাপ তৈরি করেছি। তবে আমরা জানি উন্নতির জন্য কী করণীয়।
পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার বলেন, মানিয়ে নিতে হবে। দায়িত্ব নিতে হবে। আমরা আইসিসির চারটি টুর্নামেন্টে মোটেই ভালো করতে পারিনি। যা অবাক করার মতো। কিন্তু এটাও ঠিক, ঘনঘন অনেক রদবদল হয়েছে। সেটা ঠিক নয়। দায়িত্ব দিলে বিশ্বাসও করতে হবে।
পাকিস্তানে কোচিং স্টাফ বদলের হাওয়া উঠেছে। এই অবস্থায় আকিব জাভেদ, আজহার মাহমুদরাও আশঙ্কায় তাঁদের সরিয়ে দেওয়া হতে পারে। সে কারণেই আজহারের গলায় এমন সুর। আজহার বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে অনেক চাপ। কাউকে দায়িত্ব দিলে ৬-৮ মাস সময় দেওয়া উচিত ফলাফল পেতে গেলে। কারও ২টি ম্যাচ খারাপ গেলেই বাদ দেওয়ার দাবি ওঠে। প্রতিভা চিহ্নিত করতে হলে ৬ মাস সময় নেওয়া উচিত। কিন্তু তাঁদের পর্যাপ্ত সুযোগ দিতে হবে।












Click it and Unblock the Notifications