CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে ভারত, ভবিষ্যদ্বাণী ক্লার্কের, প্রশংসা করলেন রোহিত ও বিরাটের
CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত আর অস্ট্রেলিয়াকেই দেখছেন মাইকেল ক্লার্ক। তবে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মনে করেন, ১ রানে হলেও ফাইনালে জিতবে ভারত।
টাটা স্টিল ট্রেইলব্লেজারস কনক্লেভ (রেভস্পোর্টজ আয়োজিত) ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এ কথা বললেন ক্লার্ক। তিনি প্রশংসা করলেন রোহিত শর্মা ও বিরাট কোহলির।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিত অবসর নেবেন কিনা তা নিয়ে চলছে চর্চা। তবে ক্লার্ক বিষয়টি ছেড়ে দিচ্ছেন রোহিতের উপরই। তাঁর সাফ কথা, শুধু রোহিত বলে নন। সমস্ত দেশেরই এমন ক্রিকেটার যাঁরা দেশের জন্য এত কিছু করেছেন, সাফল্য এনে দিয়েছেন, ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ তাঁদের উপরই ছাড়া উচিত।
ক্লার্ক বলেন, যদি রোহিত মনে করেন খেলা চালিয়ে যেতে পারবেন তাহলে সেটা মেনে নেওয়া উচিত। যদি মনে করেন অবসর নেওয়ার সময় হয়েছে, তাহলে সেটাও মানতে হবে। তবে রোহিত শর্মা যেভাবে ফর্মে ফিরে শতরান করেছেন, আগ্রাসী মানসিকতা নিয়ে পাওয়ারপ্লে-তে বেশি রান তুলতে ঝুঁকি নিচ্ছেন, তাকে সাধুবাদ জানান ক্লার্ক।
বিরাট কোহলির পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত শতরানের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। তিনি বলেন, বিরাটের মতে গ্রেট প্লেয়াররা এভাবেই ঘুরে দাঁড়ান চাপের মুখে কিংবা দলের যখন সবচেয়ে বেশি প্রয়োজন। আমার সবচেয়ে ভালো লেগেছে পাকিস্তান ম্যাচের আগে সতীর্থদের অনেক আগেই তিনি যেভাবে নেটে নেমে পড়েছিলেন নিজের খামতিগুলি মেটানোর জন্য।
খেতাব জয়ের দৌড়ে রোহিতদের এগিয়ে রাখার কারণ জানাতে গিয়ে ক্লার্ক বলেন, ভারত বিশ্বের ১ নম্বর দল। দুবাইয়ের কন্ডিশনে যেভাবে খেলছে তাতেই তারা খেতাব জিতবে বলে মনে হচ্ছে। ভালো তিনজন স্পিনার নিয়ে খেলছে ভারত। পাকিস্তানের পিচের তুলনায় দুবাইয়ের উইকেট মন্থর। পেসারদের চেয়ে স্পিনাররাই বেশি কার্যকরী হবেন।
অস্ট্রেলিয়ার ব্যাটিং বিভাগের তুলনায় বোলিং বিভাগ অনেকটাই অনভিজ্ঞ। সেটা মানছেন ক্লার্ক। তিনি বলেন, বোলিংয়ে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডরা নেই। ফলে বোলিং তুলনায় কম অভিজ্ঞ। তবে যাঁরা খেলছেন তাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও খেলেছেন। সুযোগের সদ্ব্যবহার করতে চাইবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে জয় অজিদের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে দাবি ক্লার্কের।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অজিদের ফেভারিট ধরছেন ক্লার্ক। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় ভালো বোলার রয়েছেন। তবে লর্ডসের কন্ডিশন অস্ট্রেলিয়ার পক্ষেই বেশি সহায়ক হবে। স্কট বোল্যান্ডকে নিলে চার পেসার, সঙ্গে নাথান লিয়ঁ স্পিনার। টেস্টে অস্ট্রেলিয়া যেভাবে খেলছে তাতে হারানো কঠিন।
জসপ্রীত বুমরাহর প্রশংসাও করেছেন ক্লার্ক। তিন ফরম্যাটেই তিনি যেভাবে বোলিং করছেন তাতে তাঁকে সব দলই খেলাতে চাইবে বলে মন্তব্য ক্লার্কের। সে কারণে আইপিএলেও বুমরাহ খেলবেন এবং ইংল্যান্ডেও টেস্ট সিরিজে বুমরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদী ক্লার্কের। বুমরাহর অনুপস্থিতিতে ভারতের বোলিং যেভাবে পারফরর্ম করছে তারও প্রশংসা করেন প্রাক্তন অজি অধিনায়ক।












Click it and Unblock the Notifications