CT 2025, IND vs AUS: ভারতের উপর অস্ট্রেলিয়া ম্যাচে বাড়তি চাপ থাকবে না, দাবি রোহিতের! কেমন হতে পারে একাদশ?
CT 2025, IND vs AUS: দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কাল ভারত খেলতে নামছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভারত চলতি টুর্নামেন্টে সব ম্যাচেই জিতেছে।
অস্ট্রেলিয়াও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজেয়। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে জিতেছিল একঝাঁক তারকাহীন অস্ট্রেলিয়া।

একদিনের আন্তর্জাতিকে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথে অজিদের জয় ৮৪টি ম্যাচে, ৫৭টিতে জিতেছে ভারত। আইসিসি ইভেন্ট দেখলে অজিরা এগিয়ে ১০-৭ ব্যবধানে। তবে ২০২০ সাল থেকে দেখলে ভারত ও অস্ট্রেলিয়া জিতেছে ৭টি করে ম্যাচ।
ভারত ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয়েছিল। দুই স্পিনার কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা ২০ ওভারে ৯৯ রান খরচ করে উইকেট পাননি। ভারত চাইবে আইসিসি ইভেন্টের নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪ বছর জয় ছিনিয়ে নিতে। অবশ্যই তেইশের বিশ্বকাপ ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিতে।
রোহিত শর্মা আজ খোলসা করেননি কালকের ম্যাচে চার স্পিনারেই নামবেন কিনা। দুবাইয়ের মন্থর পিচ, স্পিনারদের কার্যকরী হতে দেখে সেই পথে হাঁটতেও পারেন মেন ইন ব্লু। তবে ভারতের কাছে সবচেয়ে বড় স্বস্তি বরুণ চক্রবর্তীর দুরন্ত ছন্দে থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট তুলে নেওয়া।
মহম্মদ শামি বাংলাদেশের বিরুদ্ধে ৩৩ রান দিয়ে পাঁচ উইকেট পেয়েছিলেন। কিন্তু পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি একটি উইকেটও পাননি। তবু তাঁর জায়গায় অর্শদীপ সিংকে ভারত নামিয়ে দেবে বলে মনে করা হচ্ছে না। রোহিত জানিয়েছেন, এই ম্যাচে দুই দলের উপরই চাপ থাকবে। কন্ডিশন বুঝে সেরা দল নিয়ে পরিকল্পনামাফিক খেলাই লক্ষ্য হিটম্য়ানের।
অস্ট্রেলিয়ার একাদশে পরিবর্তন আসছেই। ম্যাথু শর্ট চোটের কারণে ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে দিয়ে ওপেন করাতে পারেন স্টিভ স্মিথরা। আবার মন্থর পিচের কথা ভেবে শর্টের পরিবর্ত বাঁহাতি বছর একুশের অলরাউন্ডার কুপার কনোলিকে একাদশে এনে চমক দিতে পারে অস্ট্রেলিয়া।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ- ট্রাভিস হেড, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জশ ইনগ্লিস (উইকেটকিপার), অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা।












Click it and Unblock the Notifications