CT 2025, IND vs AUS: চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বৈরথের নিরিখে ভারত এগিয়ে অস্ট্রেলিয়ার চেয়ে, জানুন বিস্তারিত
CT 2025, IND vs AUS: কাল দুবাইয়ে চ্য়াম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২০১৩ সালে চ্যাম্পিয়ন হলেও ভারত ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হেরে গিয়েছিল।
ফলে বিশ্বের এক নম্বর ওডিআই দল ভারত টানা তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে পারবে কিনা তা স্পষ্ট হবে দুবাইয়ে। একইসঙ্গে ভারত ফাইনালে উঠলে তা দুবাইয়ে হবে, নয়তো লাহোরে।

ভারত ও অস্ট্রেলিয়া ১৫১টি একদিনের আন্তর্জাতিক খেলেছে। অস্ট্রেলিয়া জিতেছে ৮৪টিতে, ভারত জিতেছে ৫৭টিতে, পরিত্যক্ত হয়েছে ১০টি দ্বৈরথ। বিশ্বকাপে ভারত ১৪ বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে। অস্ট্রেলিয়া জিতেছে ৯টিতে, ভারত ৫টিতে।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফির পারস্পরিক দ্বৈরথের নিরিখে ভারত অজিদের চেয়ে এগিয়ে ২-১ ব্যবধানে। ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে ২৮ বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। যদিও সেবার গ্রুপের ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়া দ্বৈরথ পরিত্যক্ত হয়। ৪২.৩ ওভারে অজিদের স্কোর যখন ৪ উইকেটে ২৩৪ তখন বৃষ্টি নামে।
চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচটি বাদ দিলে বাকি তিনটি সাক্ষাতে ভারতের জয় ২টিতে, ১ বার জিতেছে অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ২০০৬ সালের পর অস্ট্রেলিয়ার কাছে হারেনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির নাম যখন ছিল ইন্টারকন্টিনেন্টাল কাপ তখন ১৯৯৮ সালে স্টিভ ওয়ার অস্ট্রেলিয়াকে ৪৪ রানে হারিয়েছিল মহম্মদ আজহারউদ্দিনের ভারত। ঢাকায় টস জিতে ফিল্ডিং নিয়েছিল অস্ট্রেলিয়া। সচিন তেন্ডুলকরের ১২৮ বলে ১৪১ ও অজয় জাদেজার ৬৫ বলে ৭১-এ ভর করে ভারত তোলে ৮ উইকেটে ৩০৭।
জবাবে ৪৮.১ ওভারে ২৬৩ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ওপেনার মার্ক ওয়া ৭৯ বলে সর্বাধিক ৭৪ রান করেন। ৩৮ রান খরচ করে চার উইকেট নেন সচিন। জাভাগল শ্রীনাথ ও সুনীল যোশী ২টি করে উইকেট নেন।
২০০০ সালে আইসিসি নকআউটের প্রথম কোয়ার্টার ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারত হারিয়েছিল ওয়ার অস্ট্রেলিয়াকেই। নাইরোবিতে অস্ট্রেলিয়া ফিল্ডিং নেয়। যুবরাজ সিংয়ের ৮৪ রানের দৌলতে ভারত ৯ উইকেটে ২৬৫ তোলে। জবাবে ৪৬.৪ ওভারে অস্ট্রেলিয়া শেষ ২৪৫ রানে। রিকি পন্টিং করেন ৪৬। দুটি করে উইকেট নেন জাহির খান, অজিত আগরকর ও বেঙ্কটেশ প্রসাদ।
২০০৬ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মোহালিতে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতকে ২৬ বল বাকি থাকতে ৬ উইকেটে হারায় রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। ভারত টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৪৯ তোলে। বীরেন্দ্র শেহওয়াগ ৬৫ ও রাহুল দ্রাবিড় ৫২ করেন।
অস্ট্রেলিয়া জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল ৪৫.৪ ওভারে। প্রয়োজনীয় রান তুলে ফেলে চার উইকেট হারিয়েই। পন্টিং করেন ৫৮। ড্যামিয়েন মার্টিন ৭৩ রানে অপরাজিত ছিলেন।












Click it and Unblock the Notifications