CT 2025, IND vs NZ: ভারত-নিউজিল্যান্ড ফাইনালে কতটা ফ্যাক্টর টস? রোহিতের রেকর্ডের পর জিততে চান না স্যান্টনারও
CT 2025, IND vs NZ: চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে রবিবার ভারত-নিউজিল্যান্ড ফাইনাল। গত রবিবার কিউয়িদের হারিয়েছিল ভারত।
ফাইনালের আগে দুবাইয়ের পিচ যেমন চর্চা চলছে, তেমনই আলোচনার কেন্দ্রবিন্দুতে টস। প্রশ্ন, টস ফাইনালে কতটা ফ্যাক্টর হবে?

ভারত শেষ যে টানা ১৪টি ওডিআইয়ে টস হেরেছে তার সূচনা হয়েছিল ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনাল থেকে। যাতে ভারত হেরেও যায়। কিন্তু এই ১৪টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে ৯টিতে, হেরেছে চারটিতে, একটি টাই (শ্রীলঙ্কা সফরে)।
দুবাইয়ে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত চারটি ম্যাচে টস হারলেও সব কটি ম্যাচেই প্রতিপক্ষদের হারিয়েছে। একটি প্রথমে ব্যাট করে, বাকিগুলি রান তাড়া করে। ২০২১ সালের টি২০ বিশ্বকাপে ১৩টি ম্যাচের মধ্যে ১২টিই জিতেছিল রান তাড়া করা দল।
ওই বছর যে কটি আইপিএল ম্যাচ দুবাইয়ে হয়েছিল তাতেও এই ধারা অব্যাহত থাকে। টস জিতলেই ফিল্ডিং নিয়ে দ্বিধা করছিলেন না অধিনায়করা। এবারের আইএলটি২০-তেও রান তাড়া করা দলই জিতেছে সিংহভাগ ম্যাচ।
কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়া অন্যরকম কিছুরই আভাস দিচ্ছে। তার বড় কারণ, এই সময় যতটা শিশির পড়ার কথা, তা পড়ছে না। ফলে ম্য়াচের ফলাফল নির্ধারণে ডিউ ফ্যাক্টর হচ্ছে না। সে কারণেই টস ততটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে না।
গতকাল লাহোরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ওঠার পর নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার বলেছেন, ভারতের বিরুদ্ধে দুবাইয়ে খেলার অভিজ্ঞতাকে সম্বল করে কোথায় ঠিক হয়েছে, কোথায় ভুল হয়েছে তা চিহ্নিত করছেন। তবে টস না জিতলেই ভালো হবে।
রোহিত শর্মাও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস হারার পর বলেছিলেন, টস জিতলে কী করণীয় তা নিয়ে দোটানায় থাকার কথা। এই পরিস্থিতিতে টস হারাটাই শ্রেয়। রোহিতের যুক্তি ছিল, পিচ মন্থর হলেও প্রতিটি ম্যাচ আলাদা আলাদা উইকেটে হয়েছে। চরিত্রগতভাবেও তা আলাদা।
ফাইনালে সকলেই প্রত্যাশা করছেন ভালো ব্যাট-বলের লড়াই দেখতে। বিশেষজ্ঞদের মতে, আগের ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটাররা বরুণ চক্রবর্তীর বল নৈশালোকে ভালো বুঝতে পারেননি। ফলে ফাইনালে নিউজিল্যান্ড চাইবে দিনের আলোয় ব্য়াট করে নিতে। ডিউ ফ্যাক্টর না হলে পরে বল করতেও অসুবিধা নেই।
নিউজিল্যান্ডের ব্যাটাররা দারুণ ছন্দে রয়েছেন। স্পিন বোলিংয়েও বৈচিত্র্য রয়েছে। এই পরিস্থিতিতে দুই অধিনায়কের মাথাতেই থাকবে টস। রোহিত টস জিতে রান তাড়া করলে নিউজিল্যান্ডের পরিকল্পনার সঙ্গে মিলে যেতে পারে। কিউয়িদের অসুবিধা হওয়ার কথা নয়। আর ভারত প্রথমে ব্য়াটিং নিলে, কীভাবে স্পিনারদের নৈশালোকে সামলাতে হবে সেই খামতি আগামী কয়েক দিনে প্রস্তুতিতে মিটিয়ে ফেলেই নামতে চাইবে নিউজিল্যান্ড।












Click it and Unblock the Notifications