CT 2025, IND vs NZ: রোহিতদের খামতি ধরালেন গাভাসকর, ফাইনালের জন্য ঘোষিত আম্পায়ারদের নামও
CT 2025, IND vs NZ: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রবিবার দুবাইয়ে ভারতের সামনে নিউজিল্যান্ড। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি তো বটেই, শেষ ৬টি সাক্ষাতেই ওডিআইয়ে কিউয়িদের হারিয়েছে ভারত।
২০০০ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল নিউজিল্যান্ড। রোহিত শর্মাদের সামনে এবার বদলা নেওয়ার সুযোগ।

ফাইনালের জন্য আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করল আইসিসি। মাঠে যে দুজন আম্পায়ার থাকবেন তাঁরা হলেন পল রাইফেল ও রিচার্ড ইলিংওয়ার্থ। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন রঞ্জন মাদুগালে। তৃতীয় ও চতুর্থ আম্পায়ার যথাক্রমে জোয়েল উইলসন ও কুমার ধর্মসেনা।
পল রাইফেলের বয়স ৫৮। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন জোরে বোলার টেস্ট ও ওডিআই মিলিয়ে ২০০-র বেশি উইকেট নিয়েছেন। লাহোরে দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড সেমিফাইনালে তিনি ছিলেন অন-ফিল্ড আম্পায়ার।
ইংল্যান্ডের প্রাক্তন বাঁহাতি স্পিনার দুবাইয়ে ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল পরিচালনা করেছেন। চারবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার পাওয়া ইলিংওয়ার্থ ২০২৩ সালের বিশ্বকাপ ও গত বছর টি২০ বিশ্বকাপের ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-নিউজিল্যান্ড ম্যাচও তিনি পরিচালনা করেছেন।
এদিকে, ভারত ফাইনালে উঠলেও প্রতি বিভাগ নিয়ে স্বস্তিবোধ করছেন না সুনীল গাভাসকর। তাঁর মতে, ভারতের ১০০ শতাংশ দেখা যায়নি এবারের টুর্নামেন্টে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, ওপেনাররা প্রত্যাশিতভাবে শুরু করতে পারছেন না। ফলে ওপেনিংয়ে কিছুটা খামতি রয়েছে।
গাভাসকর বলেন, প্রথম ১০ ওভারের মধ্যে ২-৩টি উইকেট তুলে নেওয়া জরুরি। নতুন বলে সেটাও হচ্ছে না। মাঝের ওভারে তেম বেশি রান খরচ না করলেও প্রত্যাশিতভাবে উইকেট আসছে না। ফাইনাল জিততে গেলে এই বিভাগেও উন্নতি জরুরি।
ভারতীয় দলের একাদশে রদবদল না করার পক্ষেও মত দিয়েছেন গাভাসকর। তিনি বলেন, আমার ধারণা ভারত চার স্পিনারেই খেলবে। দরকারের প্রয়োজন নেই। বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদবরা আসায় তাঁরা দেখিয়েছেন কতটা কার্যকরী হতে পারেন। যে কোনও ফরম্যাটে উইকেট তোলা গেলে তা সেরা ডট বল। এঁরা উইকেট পাচ্ছেন। ফলে একাদশে রদবদলের দরকার নেই।












Click it and Unblock the Notifications