CT 2025 Final, IND vs NZ: উইকেট দখলে শীর্ষে থাকা হেনরির খুব কাছে শামি! ফাইনালে ফারাক গড়তে পারেন স্পিনাররাই
CT 2025 Final, IND vs NZ: দুবাইয়ে পিচ স্পিন বোলারদেরই বেশি সহায়তা করছে। ফলে রবিবারের ভারত-নিউজিল্যান্ড ফাইনালে ফারাক গড়ে দিতে পারেন স্পিনাররাই।
যদিও সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় এখনও অবধি প্রথম দুইয়ে দুই পেসারই রয়েছেন। শীর্ষে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। দ্বিতীয় স্থানে মহম্মদ শামি।

দুবাইয়ে গত রবিবার ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে যে দ্বৈরথ হয়েছিল তাতে হেনরি ৮ ওভারে ৪২ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন। একটি করে উইকেট পান কাইল জেমিসন, উইলিয়াম ও'রোর্ক, মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র।
ভারতের ৯ উইকেটে ২৪৯ রানের জবাবে নিউজিল্যান্ড ৪৫.৩ ওভারে ২০৫ রানেই গুটিয়ে যায়। বরুণ চক্রবর্তী এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম ম্যাচেই ১০ ওভারে ৪২ রান দিয়ে পাঁচ উইকেট নেন। ২ উইকেট পান কুলদীপ যাদব। একটি করে উইকেট পান হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা।
চলতি টুর্নামেন্টে হেনরি ৪ ম্যাচে ১০ উইকেট তুলে নিয়েছেন। শামি ৪ ম্যাচে পেয়েছেন ৮ উইকেট। বরুণ চক্রবর্তী ২ ম্যাচে, নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার ৪ ম্যাচে ৭টি করে উইকেট নিয়েছেন। ৭ উইকেট রয়েছে অস্ট্রেলিয়ার বেন ডোয়ারশুইসেরও, তবে ৩ ম্যাচে।
সর্বাধিক উইকেটশিকারীদের তালিকার প্রথম দশে রয়েছেন নিউজিল্যান্ডের আরও ১ বোলার। মাইকেল ব্রেসওয়েল ৪ ম্যাচে ৬টি উইকেট দখল করে রয়েছেন সাতে। এ ছাড়া উইলিয়াম ও'রোর্ক ৪ ম্যাচে ৬ উইকেট নিয়েই রয়েছেন দশে।
ভারতের অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব ৪ ম্যাচে ৫টি করে উইকেট দখল করে আছেন ১৪ ও ১৫ নম্বরে। হর্ষিত রানা ২ ম্যাচে চারটি উইকেট নিয়ে রয়েছেন ১৬-তে। রবীন্দ্র জাদেজা ও হার্দিক পাণ্ডিয়া ৪ ম্যাচে ৪টি করে উইকেট ঝুলিতে পুরে ১৭ ও ১৮ নম্বরে রয়েছেন।
ফলে ফাইনালের পরই স্পষ্ট হয়ে যাবে হেনরি শীর্ষস্থান দখল নিতে পারলেন কিনা। শামি কি হবেন সর্বাধিক উইকেটশিকারী, নাকি পেসারদের চেয়ে শেষ ল্যাপে এগিয়ে যাবেন স্পিনাররাই?
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা বোলিং গড় ভারতের বরুণ চক্রবর্তীর। বোলিং গড় ১৩, স্ট্রাইক রেচ ১৭.১৪। ২০ ওভার হাত ঘুরিয়ে তিনি ৯১ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি রয়েছেন তিনে, হর্ষিত রানার পরেই। হেনরির গড় ১৬.৭০, স্ট্রাইক রেট ১৮.৮০। পাঁচে থাকা শামির বোলিং গড় ও স্ট্রাইক রেট যথাক্রমে ১৯.৮৭ ও ২৪।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি মেডেন ওভার কাগিসো রাবাডার। ৩ ম্যাচে ২৫.৩ ওভারে তিনটি। ২টি করে মেডেন ওভার রয়েছে বাংলাদেশের তাসকিন আহমেদ, ভারতের অক্ষর প্যাটেল এবং নিউজিল্যান্ডের কাইল জেমিসন ও মিচেল স্যান্টনারের।
তবে ফাইনালে ফারাক গড়ে দিতে পারে যে মূল ফ্যাক্টর তা হলো ডট বল। যাতে সেরা তিনে রয়েছেন নিউজিল্যান্ডের বোলাররাই। মাইকেল ব্রেসওয়েল ৪ ম্যাচে ৩৯ ওভার হাত ঘুরিয়ে ১৩৫টি ডট বল করেছেন। স্যান্টনার ৪ ম্যাচে ৪০ ওভারে ডট বল দিয়েছেন ১২৩টি। উইলিয়াম ও'রোর্ক ৪ ম্যাচে ৩৬ ওভার হাত ঘুরিয়ে ১১৭টি বলে কোনও রান দেননি।
এই নিরিখে ভারতের মধ্যে সেরা অক্ষর প্যাটেল। তিনি ৪ ম্যাচে ৩৭ ওভারে ১১৬টি ডট বল করেছেন। শামির ক্ষেত্রে তা ৩২ ওভারে ১০৯টি। কুলদীপ যাদব ৩৬.৩ ওভার করেছেন ১০৯ বলে কোনও রান দেননি। ম্যাট হেনরির ৩১.২ ওভারে ডট বলের সংখ্যা ১০৭টি।












Click it and Unblock the Notifications