CT 2025 Final, IND vs NZ: আইসিসি ইভেন্টের ফাইনালে বিরাটের ঈর্ষণীয় ট্র্যাক রেকর্ড, এবারও নজিরের হাতছানি
CT 2025 Final, IND vs NZ: নিউজিল্যান্ড যেখানে কাল আইসিসি ইভেন্টে ষষ্ঠ ফাইনাল খেলতে নামছে, সেখানে বিরাট কোহলির কাছে এটি আইসিসি ইভেন্টের নবম ফাইনাল।
বিরাট কালকের ম্যাচেও একাধিক নজিরের মুখে দাঁড়িয়ে। তাঁর ট্র্যাক রেকর্ডও বেশ ঈর্ষণীয়।

বিরাট কোহলি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চার ম্যাচে ২১৭ রান করেছেন। তার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে যেমন অপরাজিত ১০০ রান করেছেন, তেমনই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে খেলেন ৯৮ বলে ৮৪ রানের ইনিংস।
আইসিসি ইভেন্টের ফাইনালে বিরাট ৪১০ রান করেছেন, তিনটি অর্ধশতরান রয়েছে। ম্যাচের সেরা হয়েছেন ১ বার। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চারে নেমে কোহলি করেন ৪৯ বলে ৩৫ রান।
২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বার্মিংহ্যামের এজবাস্টনে কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে তিনে নেমে ৩৫ বলে ৪৩ রান করেছিলেন। ২০১৪ সালের টি২০ বিশ্বকাপের ফাইনালে কোহলি ঢাকায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৮ বলে ৭৭ করেছিলেন।
২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বিরাট ওভালে পাকিস্তানের বিরুদ্ধে ৯ বলে ৫ রান করেছিলেন। ২০২১ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউদাম্পটনে কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে করেন ৪৪, দ্বিতীয় ইনিংসে ১৩।
২০২৩ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ইনিংসে কোহলির রান ছিল যথাক্রমে ৩১ বলে ১৪ ও ৭৮ বলে ৪৯। ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে অজিদের বিরুদ্ধে আমেদাবাদে কোহলি ৬৩ বলে ৫৪ রান করেছিলেন।
গত বছরের টি২০ বিশ্বকাপ ফাইনালে ব্রিজটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোহলি ৬টি চার ও ২টি ছয়ের দৌলতে ৫৯ বলে ৭৬ রান করেন। ম্যাচের সেরাও হন।
কালকের ফাইনালে বিরাট সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআইয়ে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান সংগ্রহকারী হতে পারেন। সচিনের ৪২ ম্যাচে আছে ১৭৫০ রান। কোহলির ৩২ ম্যাচে ১৬৫৬।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআইয়ে সর্বাধিক ৬টি করে শতরান রয়েছে বীরেন্দ্র শেহওয়াগ ও বিরাট কোহলির। কাল শতরান পেলে বীরুকে পিছনে ফেলবেন বিরাট। বীরু কিউয়িদের বিরুদ্ধে ওডিআইয়ে ২৩টি ইনিংস খেলেছেন, কোহলি ৩২টি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রান করার নজির রয়েছে ক্রিস গেইলের। ১৭ ইনিংসে ৭৯১ রান। কোহলির রয়েছে ১৬ ইনিংসে ৭৪৬। ফলে গেইলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন বিরাট। কোহলি যা ফিট তাতে ২০২৭ সালের বিশ্বকাপ খেলতেই পারেন। কিন্তু কাল তিনি শেষবার আইসিসি ইভেন্টের ফাইনাল খেলছেন কিনা তা নিয়েও চলছে চর্চা।












Click it and Unblock the Notifications