CT 2025, IND vs NZ Final: কুলদীপের কামাল, স্পিন সামলাতে নাজেহাল নিউজিল্যান্ড, কেনের রেকর্ড ভাঙলেন রাচিন
CT 2025, IND vs NZ Final: চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডের রান তোলার গতিতে রাশ টানলেন ভারতীয় স্পিনাররা। বিশেষ করে কুলদীপ যাদব।
কুলদীপ এদিন নিজের প্রথম বলেই আউট করেন রাচিন রবীন্দ্রকে। তারপর তিনিই ফেরান কেন উইলিয়ামসনকে। বরুণ চক্রবর্তীর রহস্যভেদেও অস্বস্তিতে কিউয়িরা।

নিউজিল্যান্ড প্রথম পাওয়ারপ্লে-র ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৯ রান তোলে। একাদশ ওভারের প্রথম বলেই কুলদীপের গুগলিতে বোল্ড হয়ে যান রাচিন রবীন্দ্র। তার আগে, তিনিই আগ্রাসী ব্যাটিং শুরু করেছিলেন। দুবার জীবনও পান।
মহম্মদ শামি নিজের বলে বরুণের ক্যাচ তালুবন্দি করতে পারেননি। বরুণ চক্রবর্তীর বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দেন রবীন্দ্র। সেটি মিস করেন শ্রেয়স আইয়ার। এরপর রবীন্দ্রকে কট বিহাইন্ড দেন আম্পায়ার পল রাইফেল। রিভিউ নিয়ে রক্ষা পান রাচিন।
যদিও কুলদীপের প্রথম বলেই তিনি বোল্ড হলে নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেট পড়ে ১০.১ ওভারে ৬৯ রানে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেন উইলিয়ামসন করেছিলেন ২৫৫। সেই নজির ছাপিয়ে নিউজিল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও সংস্করণে আড়াইশোর উপর রান করলেন রবীন্দ্র।
এদিন রবীন্দ্র ২৯ বলে ৩৭ রান করেন। তাঁর ইনিংসে রয়েছে চারটি চার ও একটি ছয়। এরপর নিজের দ্বিতীয় তথা নিউজিল্যান্ড ইনিংসের ১৩তম ওভারের দ্বিতীয় বলে কেন উইলিয়ামসনকে সাজঘরে ফেরান কুলদীপ। ১৪ বলে ১১ রান করে কুলদীপের হাতেই লোপ্পা ক্যাচ দেন উইলিয়ামসন।
১২.২ ওভারে নিউজিল্যান্ডের তৃতীয় উইকেট পড়ে ৭৫ রানে। এদিন কিউয়িদের ওপেনিং জুটিতে ওঠে ৫৭ রান, ৭.৫ ওভারে। উইল ইয়ং ২৩ বলে ১৫ রান করে বরুণ চক্রবর্তীর বলেই লেগ বিফোর হন। তবে রিভিউ নেননি।
শেষ পাওয়া খবরে, নিউজিল্যান্ডের স্কোর ২২ ওভারে ৩ উইকেটে ১০৪ রান। ড্যারিল মিচেল ৩৮ বলে ১৮ ও টম লাথাম ২৮ বলে ১৪ রানে ক্রিজে আছেন। কুলদীপ ৪ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন। বরুণ চক্রবর্তী ৫ ওভারে ২৬ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। মহম্মদ শামি ৫ ওভারে ৩০ ও হার্দিক পাণ্ডিয়া ২ ওভারে ১৮, রবীন্দ্র জাদেজা ২ ওভারে ৪ ও অক্ষর প্যাটেল ৪ ওভারে ১৩ রান দিয়ে উইকেট পাননি।












Click it and Unblock the Notifications