CT 2025 Final, IND vs NZ: সচিনের ঈর্ষণীয় রেকর্ড ভাঙার মুখে বিরাট! ভারত-নিউজিল্যান্ড দ্বৈরথের খুঁটিনাটি খতিয়ান
CT 2025 Final, IND vs NZ: বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে একাধিক মাইলস্টোন ছোঁয়ার অপেক্ষায়। তিনি ভেঙে দিতে পারেন সচিন তেন্ডুলকরের রেকর্ড।
ভারত ৬১টি একদিনের আন্তর্জাতিকে হারিয়েছে নিউজিল্যান্ডকে। হেরেছে ৫০টিতে। টাই হয়েছে ১টি। দুই দলের পাঁচটি দ্বৈরথ পরিত্যক্ত হয়েছে।

২০২২ সালের নভেম্বরে শেষবার নিউজিল্যান্ড একদিনের আন্তর্জাতিকে হারিয়েছিল ভারতকে। সেবার নিউজিল্যান্ড সফরে গিয়েছিল ভারত। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ অকল্যান্ডে কিউয়িরা জেতে ১৭ বল বাকি থাকতে ৭ উইকেটে। বাকি দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।
২০২৩ সালে ভারত সফরে আসা নিউজিল্যান্ডকে তিন ম্যাচের ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করেছিল ভারত। ২০২৩ সালের বিশ্বকাপে লিগ পর্বের ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে হারিয়েছিল ১২ বল বাকি থাকতে ৪ উইকেটে। এর সেমিফাইনালে কিউয়িদের ভারত হারায় ৭০ রানে।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও প্রথম সাক্ষাতে গত রবিবার দুবাইয়ে ভারত ৪৪ রানে হারায় মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডকে। কিউয়িরা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু ভারতের কাছেই হেরেছে। ফলে শেষ ৬টি সাক্ষাতের সব কটিতেই নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত।
ভারত-নিউজিল্যান্ড ফাইনালে বিরাট কোহলি ভেঙে দিতে পারেন সচিন তেন্ডুলকরের কীর্তি। দুই দেশের মধ্যে ওডিআই দ্বৈরথে সবচেয়ে বেশি রান সচিনের। ৪২ ম্যাচে ৪১ ইনিংসে ১৭৫০। পাঁচটি শতরান ও ৮টি অর্ধশতরান রয়েছে।
বিরাট কোহলি যদি ফাইনালে ৯৫ রান করেন তাহলে সচিনের কীর্তি ভেঙে দখলে নেবেন শীর্ষস্থান। বিরাট ৩২টি ওডিআইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে করেছেন ১৬৫৬ রান। ৬টি শতরান ও ৯টি অর্ধশতরান রয়েছে কোহলির।
দুই দেশের দ্বৈরথে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিন থেকে পাঁচে আছেন যথাক্রমে নিউজিল্যান্ডের রস টেলর (১৩৮৫), কেন উইলিয়ামসন (১২২৮) ও নাথান অ্যাসলে (১২০৭)। তালিকার ছয় ও সাতে যথাক্রমে বীরেন্দ্র শেহওয়াগ (১১৫৭) ও মহম্মদ আজহারউদ্দিন (১১১৮)।
ভারতীয়দের মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই রান করার নিরিখে সৌরভ গঙ্গোপাধ্যায় (১০৭৯) ও রাহুল দ্রাবিড়কে (১০৩২) পিছনে ফেলতে পারেন রোহিত শর্মা। তিন রান করলে কিউয়িদের বিরুদ্ধে ওডিআইয়ে তাঁর ১ হাজার রান পূর্ণ হবে।
বর্তমান দলে থাকা ক্রিকেটারদের মধ্যে টম লাথাম ভারতের বিরুদ্ধে ৮৯০ রান করেছেন। শুভমান গিল কিউয়িদের বিরুদ্ধে ১১টি ম্যাচে ৫৯২ রান করেছেন, শ্রেয়স আইয়ারের ৯ ম্যাচে ৮ ইনিংসে রয়েছে ৫৬৩। দুই দেশের দ্বৈরথে রবীন্দ্র জাদেজা ৩৭৭, ড্যারিল মিচেল ৩২৬, হার্দিক পাণ্ডিয়া ৩১৯ ও লোকেশ রাহুল ২৯৪ রান করেছেন।
দুই দেশের ওডিআই দ্বৈরথে সর্বাধিক উইকেটশিকারী ভারতের জাভাগল শ্রীনাথ। তিনি ৩০টি ম্যাচে ৫১টি উইকেট নিয়েছেন। তাঁর পরে দ্বিতীয় স্থানে অনিল কুম্বলে। কুম্বলের রয়েছে ৩১ ম্যাচে ৩৯ উইকেট। নিউজিল্যান্ডের টিম সাউদি রয়েছেন তিনি। ২৫ ম্যাচে তাঁর রয়েছে ৩৮ উইকেট। মহম্মদ শামি ১৫টি ওডিআইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৭ উইকেট দখল করেছেন। আর ২টি শিকারে তিনি চলে আসতে পারবেন এলিট লিস্টের তিন নম্বরে।
দুই দেশের ওডিআই দ্বৈরথে কুলদীপ যাদবের উইকেট-সংখ্যা ১২ ম্যাচে ২২। যুজবেন্দ্র চাহালের রয়েছে ২২টি উইকেট, ২১ ম্যাচে। নিউজিল্যান্ডের ইওয়েন চ্যাটফিল্ড ২১ ও ভারতের বেঙ্কটেশ প্রসাদ ২৩ ম্যাচে ২২টি করে উইকেট নিয়েছেন। ফলে বাকি তিনজনকে টপকে ২৩ উইকেট দখলে কুলদীপের দরকার ১ শিকার।
সেক্ষেত্রে তিনি ধরে ফেলবেন ড্যানি মরিসনকে। ম্যাট হেনরির ভারতের বিরুদ্ধে ওডিআইয়ে রয়েছে ১১ ম্যাচে ২১ উইকেট। হার্দিক পাণ্ডিয়া ১৬টি, মিচেল স্যান্টনার ১৫টি উইকেট নিয়েছেন ভারত-নিউজিল্যান্ড ওডিআই দ্বৈরথে। রবীন্দ্র জাদেজার ৯টি, অক্ষর প্যাটেলের ৬টি ও বরুণ চক্রবর্তীর রয়েছে ৫টি শিকার।












Click it and Unblock the Notifications