CT 2025, IND vs PAK Exclusive: বিরাটের পাশেই ঋদ্ধিমান, পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় বোলিংয়ে উন্নতিও চান
CT 2025, IND vs PAK Exclusive: চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাল দুবাইয়ে ভারত-পাকিস্তান দ্বৈরথ। বাংলাদেশের বিরুদ্ধে রোহিত শর্মাদের ম্যাচ পুরো দেখা হয়নি ঋদ্ধিমান সাহার।
দুর্গাপুরে ওয়ানইন্ডিয়া বাংলার মুখোমুখি হয়ে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে বিশ্লেষণে ভারতীয় দলের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার। কালকের ম্যাচেও এগিয়ে রাখছেন মেন ইন ব্লুকে। বেছে নিলেন পছন্দের সেরা চার সেমিফাইনালিস্টও।

ভারত-পাকিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকা গোটা বিশ্ব। আইসিসি ইভেন্টেও পরিসংখ্যান দেখলেই স্পষ্ট হবে, বেশিরভাগ জিতেছে ভারতই। মাঝে ২-১ বার জিতেছে পাকিস্তান। পরিস্থিতি অনুযায়ী যারা ভালো খেলবে জিতবে তারাই। একজন ভারতীয় হিসেবে চাইব ভারত দাপট দেখিয়েই জিতুক।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয় নিয়ে ঋদ্ধি বলেন, ব্যাটিংয়ে একপেশেভাবেই ভারত জিতেছে। শুভমান গিল শতরান করেছেন। লোকেশ রাহুলও শেষের দিকে ভালো খেলেছেন। খুব বেশি কষ্ট করতে হয়নি। বাংলাদেশকে ২২৮ রানে ভারত আটকে দিয়েছিল। ওডিআইয়ে এটা আজকাল কম রান।
তবে বোলিং বিভাগে কিছুটা উন্নতির জায়গা থাকছে বলেই উপলব্ধি ঋদ্ধিমানের। তিনি বলেন, ওইদিন আমি পুরো খেলা দেখেনি। তবে স্কোরের দিকে নজর রাখছিলাম। বিশ্লেষণও দেখেছি। তাতে মনে হয়েছে দুশোর কমে বেঁধে ফেলাও সম্ভব ছিল। ফলে উন্নতির জায়গা সব সময়ই থাকে। সেটা হলে ভালোই হয়।
বিরাট কোহলি বারবার ওডিআইয়ে লেগ স্পিনারের বলে আউট হচ্ছেন। এ প্রসঙ্গে ঋদ্ধিমান বলেন, মাঠে নেমে পরিস্থিতি অনুযায়ী ব্যাটারের ভুল হতে পারে। লেগ স্পিনারের বলে আউট হওয়া নিয়ে বিরাটের যেমন ভাবার ব্যাপার আছে, তেমনই দেখতে হবে সত্যিই ভাবার মতো কিছু আছে কিনা। নিশ্চিতভাবেই কোচেরা এ দিকে নজর রাখছেন। বিরাট নিজেও এই খামতি শুধরে নিতে চাইবেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পাশাপাশি নিউজিল্যান্ডকে সেমিফাইনালে দেখছেন ঋদ্ধিমান সাহা। অন্য গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে কোনও ২টি দল শেষ চারে জায়গা করে নিতে পারে মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক।
ভারত-পাকিস্তান ম্যাচে ভারতের একাদশে বড়সড় রদবদলের সম্ভাবনা দেখছেন না ঋদ্ধি। তাঁর কথায়, দল সব সময় মোমেন্টাম ধরে রাখতে চায়। জরুরি পরিস্থিতি ছাড়া দল বদলানো হয় না সচরাচর। কম্বিনেশন ঠিক হবে পিচ দেখে। কোন উইকেটে খেলা হচ্ছে, তা স্পিন সহায়ক, নাকি পেস সহায়ক, প্রতিপক্ষ দলের বিরুদ্ধে কে বেশি কার্যকরী হবেন তা দেখেই সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।
বাংলা দলের পাশাপাশি আইপিএল ও ভারতীয় দলে মহম্মদ শামির সঙ্গে খেলেছেন ঋদ্ধি। বাংলাদেশ ম্যাচে শামির বোলিং বিশেষ দেখা হয়নি। তবে চাইছেন শামি সাফল্য পান। ঋদ্ধিমানের কথায়, যেটুকু বিশ্লেষণে চোখ রেখেছি তাতে মনে হয়েছে বিশ্বকাপে শামি যেমন বল করেছেন সেই তুলনায় আগের ম্যাচে শামি কিছু কম রান দিয়ে পাঁচ উইকেট নিলে আরও ভালো হতো।












Click it and Unblock the Notifications