CT 2025, IND vs AUS Exclusive: ভারতকে শক্ত পরীক্ষায় ফেলবে অস্ট্রেলিয়া, কেমন হবে কম্বিনেশন? জানালেন দীপ
CT 2025, IND vs AUS Exclusive: কাল দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। রোহিত শর্মাদের সামনে সুযোগ ২০২৩ বিশ্বকাপ ফাইনালে হারের মধুর প্রতিশোধ নেওয়ার।
প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত আশা করেছিলেন, ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ ফাইনালে দেখার। তবে ভারতের কাছে নিউজিল্যান্ড হারার ফলে এই দ্বৈরথটি হয়ে যাচ্ছে সেমিফাইনালেই।

দীপ দাশগুপ্ত ওয়ানইন্ডিয়া বাংলাকে বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আসল লড়াই কিন্তু শুরু হলো ভারত-নিউজিল্যান্ড ম্যাচ থেকেই। ভারতের খেতাব জয়ের সম্ভাবনা ভালোই রয়েছে। ১ নম্বর দল হতে গেলে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে হলে অন্য শক্তিশালী দলগুলিকে হারিয়েই জিততে হবে।
দীপের কথায়, ভারত যেমন ভালো দল, তেমনই নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সব দলই ভালো। নিঃসন্দেহে কম্পিটিশন টাফ হবে। ভারত আগের দুটি ম্যাচ জিতেছে ভালো। তবে নিউজিল্যান্ডকে হারানো সেই জয়গুলির তুলনায় এগিয়ে। সেমিফাইনালের আগে অস্ট্রেলিয়া সম্পর্কে ভারতকে সতর্কও থাকার পরামর্শ দিচ্ছেন দীপ।
অস্ট্রেলিয়ার ব্যাটিং বিভাগ বেশ শক্তিশালী। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, মিচেল মার্শ, মার্কাস স্টইনিসরা নেই। দীপ বলেন, অস্ট্রেলিয়া জানে বড় ম্যাচ কীভাবে জিততে হবে। বিশেষ করে আইসিসির মতো টুর্নামেন্টে তাদের যা ঐতিহ্য। অস্ট্রেলিয়ার সিস্টেম যা, তাতে যাঁরা দলে আসেন তাঁরা সকলেই ভালো। জোরে বোলিংয়ে অভিজ্ঞতা কম। কিন্তু আইসিসি টুর্নামেন্টে, বিশেষ করে নক আউট ম্যাচে বরাবর অজিরা অন্য ধাঁচের ক্রিকেট খেলে।
ভারত গতকাল হর্ষিত রানাকে বসিয়ে বরুণ চক্রবর্তীকে খেলিয়েছে। বরুণ পাঁচ উইকেট নিয়েছেন। দীপ মনে করেন, ভারত চার স্পিনার কম্বিনেশন ধরে রাখবে কিনা তা নির্ভর করবে পিচের উপরেই। তিনি বলেন, হর্ষিতকে বসালে মাঝের দিকের ওভারগুলিতে কিন্তু পেসারকেও দরকার হবে। ফলে অনেক বিষয়ে নজর রাখতে হবে।
নিউজিল্যান্ড ম্যাচে ভারত কিছু পরীক্ষা-নিরীক্ষার পথে হেঁটেছিল বলে উপলব্ধি দীপের। তিনি বলেন, এই ম্যাচে যে ভাবনা মাথায় রেখে ভারত দল নামিয়েছে তাতে সেমিফাইনাল বা ফাইনালে তা একই থাকবে না। যে কম্বিনেশন আগে থেকেই পরীক্ষিত ও সাফল্য এসেছে নক আউট খেলতে হলে তাতেই আস্থা রাখার পক্ষে সওয়াল করেন দীপের।
ভারতের ব্যাটিং গভীরতার প্রশংসাও করেছেন দীপ। ভারতের প্রাক্তন উইকেটকিপার ও ব্যাটার বলেন, ভারতের ব্যাটিং শানদার। আটে জাদেজা ব্যাট করেন। কুলদীপ যাদবও কিন্তু বিগত বছর দুয়েক ধরে ভালো ব্যাট করছেন। ভারত যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে তাতে সকলে রোজ রান করবেন না। যেটা গুরুত্বপূর্ণ সকলেই ছন্দে আছেন। রান পাচ্ছেন। সকলেই ভালো ফর্মে আছেন।
বিরাট কোহলির কামব্যাকেও খুশি দীপ। তিনি বলেন, ৮২টি সেঞ্চুরি এমনি এমনি হয় না। দুই দশক ধরে বিরাট খেলছেন। দীর্ঘ সময় ধরে কেউ শীর্ষে থাকলে চড়াই-উতরাই আসতে পারে। কিন্তু কেউ খারাপ সময় কীভাবে কাটিয়ে উঠল সেটাই গুরুত্বপূর্ণ। বিরাট বিশ্বের টপ প্লেয়ারদের একজন। ফলে তাঁর কামব্যাকে আমি অবাক হইনি।
দীপের কথায়, কোন ক্রিকেটার কখন অবসর নেবেন সেটা সংশ্লিষ্ট ক্রিকেটারেরই বিষয়। আবার দল নির্বাচনের বিষয়টি নির্বাচকদের উপর। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ জুনের তৃতীয় সপ্তাহে শুরু। আপাতত তা নিয়ে না ভেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ফোকাস রাখা উচিত।
মহেন্দ্র সিং ধোনি এবার আইপিএলে খেলবেন আনক্যাপড ক্রিকেটার হিসেবে। তবে ধোনি সব ম্যাচে খেলবেন কিনা সে বিষয়ে নিশ্চিত নন দীপ। তিনি বলেন, ধোনি ১৮টি মরশুম টানা আইপিএল খেলছেন। ফলে এটা বলা সম্ভব নয় তিনি সব ম্যাচে নামবেন কিনা। আবার যেহেতু তিনি ধোনি, ফলে সব ম্যাচে দেখলে অবাকও হব না।












Click it and Unblock the Notifications