CT 2025: এত কলা বাঁদরও খায় না! পাকিস্তানের কীর্তি দেখে সরব আক্রম, বাংলাদেশের মাহমুদুল্লাহকেও প্রবল কটাক্ষ
CT 2025: ওয়াসিম আক্রম বল হাতে যেমন দাপট দেখাতেন তেমনই ক্ষুরধার তাঁর ক্রিকেটীয় বিশ্লেষণ। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বিভিন্ন সময় রসাত্মক কথাও বলেন, যা দর্শক বা শ্রোতাদের কাছেও বাড়তি পাওনা।
আক্রমের সাম্প্রতিক দুটি মন্তব্য খুব জনপ্রিয় হয়েছে। একটিতে তিনি পাকিস্তানের কলা-প্রীতি নিয়ে সরব হয়েছেন। অপরটিতে বাংলাদেশের মাহমুদুল্লাহকে তিনি বিঁধলেন তীব্র শ্লেষে।

পাকিস্তান ও বাংলাদেশের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছুটি হয়ে গিয়েছে। গ্রুপ পর্বে তারা কাল নিজেদের মধ্যে শেষ ম্যাচ খেলবে। ভারত-পাকিস্তান ম্যাচে জলপানের বিরতিতে পাকিস্তানের ক্রিকেটারদের জন্য প্রচুর কলা দেখে আক্রম এ বিষয়ে সমালোচনা করলেন। ড্রেসিং রুম নামে ক্রিকেট শো-তে তখন আক্রমের সঙ্গে ছিলেন ওয়াকার ইউনিস, অজয় জাদেজা ও নিখিল চোপড়া।
আক্রম বলেন, দ্বিতীয় বা তৃতীয় জলপানের বিরতিতে পাকিস্তানের ক্রিকেটারদের জন্য এত কলা এলো। এত কলা তো বাঁদরেও খাবে না। এটা পাকিস্তানের ক্রিকেটারদের ডায়েট! বোলিং করার সময় ওয়াকার ইউনিস কটি কলা খেতেন সেটিও প্রাক্তন সতীর্থর কাছে জানতে চান আক্রম।
এরপরই আক্রম বলেন, যদি আমরা এত পরিমাণ কলা খেতাম আর তা যদি ইমরান খান দেখতে পেতেন তাহলে কী পরিস্থিতি হতো সেটাই ভাবছি। ক্যাপ্টেন ইমরান খান সেখানেই আমাদের মারতে শুরু করে দিতেন।
বাংলাদেশের মাহমুদুল্লাহর সমালোচনাও করেছেন আক্রম। ভারতের বিরুদ্ধে মাহমুদুল্লাহ খেলেননি। নিউজিল্যান্ড ম্যাচে চার রান করেন। বাংলাদেশের সংবাদমাধ্যমে জল্পনা চলছে, চ্যাম্পিয়ন্স ট্রফির শেষেই মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিমের মতো সিনিয়রদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা কথা বলবেন তাঁদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য।
বাংলাদেশ ভারতের কাছে ৬ উইকেটে ও নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছে। মাহমুদুল্লাহ মিড অনে দাঁড়িয়ে রাচিন রবীন্দ্র সহজ ক্যাচ যেভাবে ফেলেছেন তা দেখে আক্রম বলেন, সহজ ক্যাচ ছিল। মাহমুদুল্লাহকে দেখে মনে হচ্ছে তিনি ছুটি কাটাতে এসেছেন। না ব্যাটিং হচ্ছে, না বোলিং!
এরপর আক্রম বলেন, বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছু শেখার আছে। ৩৯ বছরের মাহমুদুল্লাহ ও ৩৭ বছরের মুশফিকুর রহিমকে তারা নিয়ে এসেছে। বাংলাদেশের উচিত সাদা বলের জন্য তরুণদের তৈরি করা। আর এই সিনিয়ররা লাল বলের ক্রিকেট খেলতে চাইলে তাতে খেলুন। সাদা বলের ক্রিকেট খেলতে হলে নির্ভীক হতে হবে। এ ব্যাপারে বাংলাদেশের ভাবা উচিত। আগামী বছর টি২০ বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে।












Click it and Unblock the Notifications