CT 2025: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অটল-ওমরজাইয়ের হাফ সেঞ্চুরি! আফগানিস্তানকে ২৭৩ রানে থামালেন বেন, জনসন, জাম্পারা
CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে লাহোরে অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ২৭৪ রানের লক্ষ্যমাত্রা দিল আফগানিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৭৩ রান তুলল হাশমাতুল্লাহ শাহিদির দল।
গদ্দাফি স্টেডিয়ামের পিচ মন্থর হওয়ার ইঙ্গিত। ফলে এই স্কোর অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইন আপের কাছে চ্যালেঞ্জিং হতে পারে।

প্রথম ওভারের পঞ্চম বলেই রহমানুল্লাহ গুরবাজকে অনবদ্য ইয়র্কারে বোল্ড করেন স্পেনসার জনসন। প্রথম উইকেট পড়ে তিন রানে। গুরবাজ ৫ বলে শূন্য রানে ফেরেন, কিছুই করার ছিল না। এরপর ইব্রাহিম জাদরান ও সেদিকুল্লাহ অটল দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন।
দ্বিতীয় উইকেট জুটিতে তাঁরা ৬৭ রান যোগ করেন। জাদরান ২৮ বলে ২২ রান করে অ্যাডাম জাম্পার শিকার হন। রহমত শাহ ২১ বলে ১২, শাহিদি ৪৯ বলে ২০ রান করেন। অটল আউট হন ৯৫ বলে ৮৫ রান করে। তিনিও জনসনের শিকার। মেরেছেন ৬টি চার, তিনটি ছয়। তিনি হাফ সেঞ্চুরি পান ৬৪ বলে।
তবে ব্যক্তিগত ৭৪ রানে তিনি আউট হতে পারতেন। ২৮.৫ ওভারে নাথান এলিস অটলের বিরুদ্ধে লেগ বিফোরের জোরালো আবেদন করেছিলেন। আম্পায়ার আউট দেননি। রিভিউ নেননি স্টিভ স্মিথ। যদিও রিপ্লেতে দেখা যায় বল উইকেটে লাগছে। অটল আউট হন ৩১.২ ওভারে।
মহম্মদ নবি ১ রান করে রান আউট হন, উইকেটকিপার জস ইনগ্লিসের থেকে বল পেয়ে রান আউটটি করেন। ১২ বলে ৪ রানে গুলবদিন নঈব আউট হলে ৪০ ওভারে আফগানিস্তানের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৯৯।
সেখান থেকে আফগানদের লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন আজমাতুল্লাহ ওমরজাই। ছয়ে নেমে ১টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে তিনি করলেন ৬৩ বলে ৮৭। ৫৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন।
রশিদ খান ১৭ বলে ১৯, নূর আহমেদ ৮ বলে ৬ রান করেন। শূন্য রানে অপরাজিত থাকেন ফজলহক ফারুকি। প্রথম ১০ ওভারে ওঠে ১ উইকেটে ৫৪। ১০.১ থেকে ৪০ ওভারে ওঠে ১৪৫ রান, ছয় উইকেট খুইয়ে। শেষ ১০ ওভারে আফগানরা ৩ উইকেট হারিয়ে তোলে ৭৪।
বেন ডোয়ারশুইস ৯ ওভারে ৪৭ রান দিয়ে তিন উইকেট নেন। স্পেনসার জনসন ১০ ওভারে ৪৯ ও অ্যাডাম জাম্পা ৮ ওভারে ৪৮ রান দিয়ে নিলেন ২টি করে উইকেট। নাথান এলিস ও গ্লেন ম্যাক্সওয়েল পেলেন ১টি করে উইকেট। অস্ট্রেলিয়া দলকে সমস্যায় ফেলতে পারেন আফগান স্পিনাররা।












Click it and Unblock the Notifications