IPL 2021: অবসর নিয়ে ধোনির বড় ঘোষণা! চেন্নাই সুপার কিংসের হয়ে বিদায়ী ম্যাচ কোথায় খেলতে চান?
প্রথম দল হিসেবে চলতি আইপিএলের প্লে অফে উঠেছে চেন্নাই সুপার কিংস। গত বছর শেষ চারে জায়গা করতে না পারলেও ধোনি দলের ভালো ফল নিশ্চিত করতে কতটা সিরিয়াস তা এ বছরের গোড়া থেকেই দেখা গিয়েছিল। এরই মধ্যে জল্পনা ছিল যেহেতু আগামী বছর আইপিএলের দল বাড়ছে এবং মেগা নিলাম হবে তাই ধোনি এ বছরই শেষ আইপিএল খেলছেন কিনা তা নিয়ে।

অবসরের ইঙ্গিত
আজ মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসর নিয়ে বড় ঘোষণা করলেন। তিনি জানিয়ে দিলেন, চেন্নাইয়েই সিএসকে সমর্থকদের সামনে খেলতে চান বিদায়ী ম্যাচ। সিএসকে সিইও কাশী বিশ্বনাথন অবশ্য আগেই জানিয়েছিলেন ২০২২ সালের আইপিএলেও খেলবেন ধোনি। ধোনির ইঙ্গিতে বোঝা যাচ্ছে মেগা নিলামের আগে তাঁকে রেখে দেবে সিএসকে। তার আগে ধোনি অবশ্য নিজে চাইছেন ফের চেন্নাই সুপার কিংসকে আইপিএল খেতাব জেতাতে।

আন্তর্জাতিক ক্রিকেটকে আচমকা বিদায়
গত বছর করোনা পরিস্থিতিতে বিশ্ব ক্রিকেট যখন থমকে তখন স্বাধীনতা দিবসের সন্ধ্যায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনি আচমকাই অবসর ঘোষণা করেছিলেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে। দেশের হয়ে নিজের ফেয়ারওয়েল ম্যাচ আয়োজনকের কোনও সুযোগই দেননি। ফলে দেশের নীল জার্সিতে ধোনিকে আর দেখা যাবে না বলে সেই মুহূর্ত থেকেই আক্ষেপ ছিল ক্রিকেটপ্রেমীদের। তবে এবার তাঁর ভক্তদের আশ্বাসবাণী দিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। বললেন, মাঠে বসে তাঁর বিদায়ী ম্যাচ দেখার সাক্ষী থাকতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

কথা রেখেছেন ধোনি
গত বছর আইপিএলে প্লে অফে উঠতে পারেনি সিএসকে। তখনও ধোনি জানিয়েছিলেন আইপিএলে খেলা চালিয়ে যাবেন। ধোনি যে এবারের পর আরও এক বছর আইপিএল খেলবেন সেটাও চেন্নাই সুপার কিংস শিবির থেকে জানানো হচ্ছিল। তবে এবার আইপিএল যদি পুরোটাই দেশের মাটিতে হতো তাহলে ধোনি কি সিদ্ধান্ত নিতেন সেটা কারও পক্ষেই জানা সম্ভব ছিল না। কেন না, ধোনি বরাবরই নিজের সিদ্ধান্ত জানাতে চমক দিতে ভালোবাসেন। যেমনটা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকিভাবে আলবিদা জানানোর বিষয়টি। গত বছরের আইপিএল শেষের পর ধোনি বলেছিলেন, সিএসকে ঘুরে দাঁড়াবে। সেটাই হয়েছে চলতি আইপিএলে।

চেন্নাইয়ে চান বিদায়ী ম্যাচ
২০১৯ সালের পর চেন্নাইয়ে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি ধোনি। যেহেতু এবার আইপিএলের শুরু থেকেই সিদ্ধান্ত হয়েছিল কোনও দল হোম গ্রাউন্ডে খেলতে পারবে না তাই চেন্নাইয়ে একটিও ম্যাচ খেলতে পারেনি সিএসকে। ধোনি অবশ্য এদিন জানিয়ে দিলেন শেষ আইপিএল ম্যাচটি তিনি চেন্নাইয়েই খেলতে চান। ইন্ডিয়া সিমেন্টসের ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে ধোনি সমর্থকদের উদ্দেশে বলেন, সিএসকে-র হয়ে আমার বিদায়ী ম্যাচ আপনারা মাঠে বসেই দেখার সুযোগ পাবেন। সুযোগ পাবেন আমাকে ক্রিকেট খেলা থেকে বিদায় জানানোর। আশা করি, আমি চেন্নাইয়ে সেই ম্যাচটি খেলতে পারব সমর্থকদের সামনেই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার দিন ১৫ অগাস্টের চেয়ে অন্য কোনও ভালো দিন হতে পারে না বলেও মন্তব্য করেন ধোনি। ক্রিকেট থেকে অবসরের পর বলিউডে অভিনয়ের কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications