নাইটদের জয়ে অবদান রেখেছেন চেন্নাই অধিনায়ক ধোনিও!
কলকাতা, ৯ এপ্রিল : গতকাল মুম্বইয়ের বিরুদ্ধে ইডেনে আইপিএলের প্রথম ম্যাচ জিতে এবারের অভিযান শুরু করেছে গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স। আর সেই ম্যাচে খুব সামান্য হলেও পরোক্ষে অবদান রয়েছে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।
যদিও এই ম্যাচের সঙ্গে সরাসরি কোনওভাবেই ধোনি যুক্ত ছিলেন না। তবে তিনি অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন এই ম্যাচে। হ্যাঁ, এমনটাই জানিয়েছেন গতকাল ম্যাচের অন্যতম নায়ক নাইট রাইডার্সের সূর্যকুমার যাদব। কেকেআর এর এই ব্যাটসম্যান গতকাল ম্যাচে মাত্র ২০ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন এবং দলকে জয় এনে দেন।

সূর্য যাদব জানিয়েছেন, তাঁর নাইট দলনায়ক গম্ভীর ও চেন্নাই তথা ভারত অধিনায়ক ধোনি তাঁকে নানাভাবে অনুপ্রাণিত করেছেন। যা তাঁকে ভালো খেলতে সাহায্য করেছে। তাছাড়াও গম্ভীর ও ধোনি কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন। প্রচন্ড চাপের মধ্যেও কীভাবে মাথা ঠাণ্ডা রাখতে হয় তা এই দুজনকে দেখে তিনি শিখেছেন, আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে অকপটে জানিয়েছেন এই মুম্বইকর।
তিনি বলেছেন, "গম্ভীর কখনই নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হন না। যেটা দেখে আমি শেখার চেষ্টা করি। অন্যদিকে চেন্নাই বা ভারতের ম্যাচ থাকলেই দেখেছি চাপের মধ্যেও ধোনি কীভাবে মাথা ঠাণ্ডা রাখেন। সেটাও আমার কাছে শিক্ষনীয়।"
গতকাল মুম্বইয়ের বিরুদ্ধে জিতে টানা ১০ টি ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করল কলকাতা নাইট রাইডার্স। আগামী শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবেন গৌতম গম্ভীররা।












Click it and Unblock the Notifications