ভ্যাকসিন নিলেন অশোক দিন্দা, নেতাজি বলে খুনসুটি শ্রীবৎসর, করোনামুক্ত হাসি
বিধায়ক হিসেবে বিধানসভায় শপথ নিয়েছেন বৃহস্পতিবারই। এবার করোনা ভ্যাকসিনও নিয়ে নিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ময়নার নবনির্বাচিত বিজেপি বিধায়ক অশোক দিন্দা।

নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে অশোক দিন্দা লিখেছেন, প্রত্যেকেরই ভ্যাকসিন নেওয়া উচিত। সময়মতো সকলে এই ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ নিয়ে নিলে স্বাভাবিক কাজকর্মে ফিরতে কোনও অসুবিধাই হবে না। সকলে সুস্থ ও নিরাপদে থাকুন, শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।

বাংলা দলে দীর্ঘদিনের সতীর্থ তথা সানরাইজার্স হায়দরাবাদের উইকেটকিপার-ব্যাটসম্যান শ্রীবৎস গোস্বামী দিন্দার এই ছবি দেখে মজাদার খুনসুটি করেছেন। তিনি লিখেছেন, বাহ! সবার আগে নিজেকে সুরক্ষিত করে নিলে তুমি, বাহ নেতাজি! উল্লেখ্য, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে এসেছেন দিন্দা। ময়না বিধানসভা আসনে ডেথ ওভার অবধি লড়ে কঠিন জয় ছিনিয়ে এনেছেন। সেই প্রেক্ষিতেই মজা করে দিন্দাকে নেতাজি বললেন শ্রীবৎস।

(ছবি- বিসিসিআই/আইপিএল)
অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি, বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজিদের এয়ার অ্যাম্বুল্যান্সে চেন্নাই নিয়ে যাওয়া হয়েছিল। সিএসকে সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লি থেকে আসার আগেই মাইক হাসির করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি এখন ভালোই আছেন। তবে কয়েকদিন চেন্নাইয়ের হোটেলে নিভৃতবাসে থাকবেন। অস্ট্রেলিয়ার বাকি ক্রিকেটাররা অবশ্য এখন মালদ্বীপে রয়েছেন, অস্ট্রেলিয়ার বিমান ধরার অপেক্ষায়। আগামীকাল রওনা দেবেন কোচ স্টিফেন ফ্লেমিং। হাসি বলেছেন, চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি আমার জন্য যা করেছে তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয়। এখন অনেকটাই ভালো আছি। ভারতে অতিমারির যা পরিস্থিতি তাতে যেভাবে সকলে যত্ন নিয়েছেন, ভারত ও অস্ট্রেলিয়া থেকে মেসেজ পেয়েছি তাতে অভিভূত।












Click it and Unblock the Notifications