Cricket Unusual Story: চার বলে ৯২ রান, টেস্টের একই দিনে চারটি ইনিংস! একনজরে ক্রিকেটের অভাবনীয় ঘটনা
Cricket Unusual Story: ক্রিকেটে চলতেই থাকে রেকর্ড ভাঙা-গড়ার খেলা। তবে এমন কিছু রেকর্ড আছে যা কখনও ভাঙা যাবে না। তেমনই একটি হলো, চারটি বলে ৯২ রান দেওয়ার মতো ঘটনা।
পছন্দের দলের ব্যাটিং দেখতে অনেকে টেস্ট ক্রিকেট দেখতে যান পছন্দসই দিন বেছে। তবে এমন নজিরও রয়েছে যেখানে টেস্ট ক্রিকেটে একই দিনে দেখা গিয়েছে চারটি ইনিংস। তাও কিন্তু একবার নয়।

প্রথমে দেখে নেওয়া যাক এক ওভারে সর্বাধিক রানের রেকর্ড। অবশ্য সেটি আন্তর্জাতিক ক্রিকেটে নয়। বাংলাদেশের ক্লাব ক্রিকেটে। ২০১৭ সালে বাংলাদেশে ঢাকা লিগের তৃতীয় ডিভিশনের খেলায়। লালমাটিয়া ক্লাব ১৪ ওভারে ৮৮ রানে অল আউট হয়ে গিয়েছিল। আম্পায়ারিং নিয়ে ক্ষোভ থাকায় ইচ্ছে করে তারা ম্যাচ হেরে যায়।
অ্যাক্সিয়মের টার্গেট দাঁড়ায় ৮৯ রান। চার বলেই ৯২ রান তুলে ফেলে তারা। সুজন মাহমুদ ওভারটি করতে গিয়ে ৩টি নো বল করেন, ১৩টি ওয়াইড করেন। কিপার বল না ধরায় এই বলগুলি বাউন্ডারি লাইন পেরিয়ে যায়। চারটি বৈধ বলে ওঠে ১২ রান। ওয়াইড বল বাই হয়ে গিয়ে মোট ৬৫ রান ওঠে। তিনটি নো বল থেকে চার রান করে বাই আসায় মোট ওঠে ১৫ রান।

টেস্ট ক্রিকেটে বেশ কয়েকবার একই দিনে চারটি ইনিংসই দেখতে পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ২০১১ সালে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের প্রথম টেস্ট হয়েছিল। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৫৫ ওভারে ৮ উইকেটে ২১৪। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ২৮৪ রানে। এরপর ২৪.৩ ওভারে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৯৬ রানে গুটিয়ে যায়।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৮ ওভারে ৪৭ রানে গুটিয়ে দেয় প্রোটিয়া-বাহিনী। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ১ উইকেটে ৮১। তৃতীয় দিন অধিনায়ক গ্রেম স্মিথ ১০১ ও হাসিম আমলা ১১২ রানে অপরাজিত থেকে টেস্ট জেতান দক্ষিণ আফ্রিকাকে। ফলে টেস্টের দ্বিতীয় দিনে পড়েছিল ২৩ উইকেট।
২০০০ সালে লর্ডসে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট এবং ২০০২ সালে হ্যামিলটনে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্টেও একই দিনে চারটি ইনিংস দেখার সাক্ষী থেকেছিলেন ক্রিকেটপ্রেমীরা। লর্ডস টেস্টে প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৯ উইকেটে ২৬৭। পরের দিন ইংল্যান্ড ৪৮.২ ওভারে ১৩৪ রানে অল আউট হয়। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ২৬.৪ ওভারে ৫৪ রানে গুটিয়ে যায়। এরপর ১.১ ওভার খেলে ইংল্যান্ড।
হ্যামিলটন টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে খেলা হয়নি। দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ভারতের স্কোর ছিল ৮ উইকেটে ৯২। তৃতীয় দিন ভারতের প্রথম ইনিংস ৩৮.২ ওভারে ৯৯ রানে শেষ হওয়ার পর নিউজিল্যান্ড ৩৮.২ ওভারে অল আউট হয়ে যায় ৯৪ রানে। ভারতের দ্বিতীয় ইনিংস ওইদিনেই শেষ হয় ৪৩.৫ ওভারে ১৫৪ রানে। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে কিউয়িদের স্কোর ছিল বিনা উইকেটে ২৪।












Click it and Unblock the Notifications