Rahul Dravid: রাহুল দ্রাবিড় ভারত ছাড়াও কোন দেশের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছেন? ২০ বছর আগের ঘটনা জানুন
Rahul Dravid: রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন ভারত বিশ্বকাপে রয়েছে দুরন্ত ছন্দে। পাঁচটি ম্যাচের পাঁচটিতেই জিতেছে। অশ্বমেধের ঘোড়া ছুটিয়ে একের পর এক প্রতিপক্ষকে উড়িয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও ভারত।
অধিনায়ক হিসেবে রাহুল দ্রাবিড় ব্যর্থ। ২০০৭ সালে তাঁর ক্যাপ্টেন্সিতেই ভারতের ভরাডুবি হয়েছিল বিশ্বকাপে। কিন্তু এবার কোচ হিসেবে বিশ্বকাপ জেতার নজির গড়ার হাতছানি দ্রাবিড়ের সামনে।

বিশ্ব ক্রিকেটের অন্যতম কিংবদন্তি ভারতীয় দলের হয়ে টেস্ট, একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। টি ২০ আন্তর্জাতিক খেলেছেন একটিই। তবে জানেন কি, দ্রাবিড় ভারতের পাশাপাশি অন্য দেশের হয়েও খেলেছেন? তাও আবার তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের মধ্যেই। ২০ বছর আগে।
পাকিস্তানের বিরুদ্ধে ট্যুর ম্যাচের পাশাপাশি রাহুল দ্রাবিড় ২০০৩ সালে ন্যাশনাল ক্রিকেট লিগ সেকেন্ড ডিভিশনে নেমেছিলেন স্কটল্যান্ডের হয়ে। স্কটল্যান্ডের হয়ে ১১ ম্যাচে ১১ ইনিংসে ২ বার অপরাজিত থেকে ৬০০ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ১২৯। গড় ৬৬.৬৬, স্ট্রাইক রেট ৯২.৭৩। তিনটি শতরান ও দুটি অর্ধশতরান রয়েছে। ক্যাচ ধরেছেন তিনটি।

স্কটল্যান্ড দলে তিনি খেলেন বিদেশি পেশাদার ক্রিকেটার হিসেবে। ২০০৩ সালের জুন মাসে স্কটল্যান্ডের হয়ে তিনি ন্যাশনাল ক্রিকেট লিগে প্রথম ম্যাচটি খেলেন হ্যাম্পশায়ারের বিরুদ্ধে। ৪১ বলে ২৫ রান করেছিলেন। এরপর ৭ জুন ছিল পাকিস্তানের বিরুদ্ধে ট্যুর ম্যাচ। পাকিস্তান জিতেছিল ১ উইকেটে। স্কটল্যান্ডের হয়ে সেই ম্যাচে দ্রাবিড় সাব্বির আহমেদের প্রথম বলেই শূন্য রানে কট বিহাইন্ড হন।
১৫ জুন স্কটল্যান্ডের জার্সিতে দ্রাবিড় প্রথম শতরানটি পান সমারসেটের বিরুদ্ধে। সেই ম্যাচে দ্রাবিড় ৯৭ বলে অপরাজিত ১২০ রান করেছিলেন। ১৭ জুন মিডলসেক্সের বিরুদ্ধে দ্রাবিড় ৬ রান করে লেগ বিফোর হন। স্কটল্যান্ডের হয়ে দ্রাবিড়ের দ্বিতীয় শতরানটি এসেছিল ৬ জুলাই নটিংহ্যামের বিরুদ্ধে। ব্যাটিং বিপর্যয় সামাল দিয়ে দ্রাবিড় ১৪টি চার ও চারটি ছয়ের সাহায্যে করেন ১২৯ রানে অপরাজিত ছিলেন।
৯ জুলাই ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে দ্রাবিড় ৩০ বলে ২৬ রান করেন। অগাস্টের ৩ তারিখ সাসেক্সের বিরুদ্ধে দ্রাবিড় সাতটি চারের সাহায্যে ৭৯ বলে ৬৯ রান করেন। কিন্তু যেটা উল্লেখযোগ্য, দ্রাবিড় যে ১১টি ম্যাচ খেলেন তার ১০টিতে হেরে যায় স্কটল্যান্ড। একমাত্র হারিয়েছিল সাসেক্সকে।












Click it and Unblock the Notifications